এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ সেপ্টেম্বর : কাশ্মীর ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপ কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলে ইসলামি রাষ্ট্র তুরস্ককে সতর্ক করে দিল ভারত ।৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপনের তীব্র বিরোধিতা করেছে ভারত। ভারত স্পষ্ট করে দিয়েছে যে, জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি বিষয় এবং এতে হস্তক্ষেপ করার অধিকার কোনো বহিরাগত পক্ষের নেই।
নিউইয়র্কে এরদোয়ানের ভাষণ সম্পর্কে প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তুরস্কের রাষ্ট্রপতির করা জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পর্কে করা অপ্রয়োজনীয় উল্লেখ ভারত প্রত্যাখ্যান করে। এটি ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি বিষয়। এই বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কোনো অধিকার বা কর্তৃত্ব নেই ।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিরোধ নিয়ে কথা বলার সময় এরদোয়ান জোর দিয়ে বলেছিলেন যে, কাশ্মীরসহ সব বিরোধ জাতিসংঘ সনদ ও প্রাসঙ্গিক প্রস্তাবনার কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।এরদোয়ান বলেছেন,জাতিসংঘ সনদ ও প্রাসঙ্গিক প্রস্তাবনার কাঠামোর মধ্যে সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যাসহ দক্ষিণ এশিয়ার সকল বিরোধের সমাধান করা জরুরি। গঠনমূলক পদক্ষেপ নিলে সব সমস্যার সমাধান করা সম্ভব ।
এই বিবৃতির জবাবে ভারত আবারও তার অবস্থান স্পষ্ট করেছে যে, জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা কোনো বাহ্যিক হস্তক্ষেপ বরদাস্ত করবে না।।

