এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাটুন্দিডাঙ্গা গ্রামে । ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর । মৃতের নাম মৌসুমী হাজরা(১৬)। এছাড়া আরও ৩০০ জন আক্রান্ত হয়েছে৷ তাদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে গ্রাম্যদেবীর পুজোর প্রসাদে বিষক্রিয়া থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মত এবছরেও কেতুগ্রামের কাটুন্দীডাঙ্গা গ্রামে গত শনিবার সনাতনী দেবীর উৎসব হয় । পূজোয় খিচুড়ি ভোগের আয়োজন ছিল। কয়েক’শ মানুষ প্রসাদ গ্রহণ করেন । তারপর রাত থেকেই অনেকের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে থাকে । সোমবার সকাল থেকে কাতারে কাতারে মানুষের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ শুরু হয় । তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের গ্রামেই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে মৌসুমী হাজরাকে রাতেই কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
কাটোয়া মহকুমাশাসক অনির্বাণ বসু বলেন, ‘গ্রামটিতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’।
