প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ নভেম্বর : বামপন্থী সংযুক্ত কিষাণ মোর্চার সভা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটল শহর বর্ধমানে । আজ বৃহস্পতিবার বিকালে সভা চলাকালীন সিপিএম ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে গেলে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় গোটা এলাকা । সংঘর্ষে ভারত কৃষকসভার সহ-সভাপতি তথা কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন বামকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বাম নেতৃত্ব । এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । সিপিএমের অভিযোগ, বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে । অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে প্ররোচনা ও মারধরের অভিযোগ তুলেছে বিজেপি ।
জানা গেছে,আজ বিকেলে বর্ধমানের বাদামতলায় সংযুক্ত কিষাণ মোর্চার সভার আয়োজন করা হয়েছিল । পুলিশের অনুমতি নিয়েই এই সভার আয়োজন করা হয় বলে দাবি সিপিএমের । সভায় অমল হালদারের বক্তব্য চলাকালীন আচমকাই হামলা চালানো হয় এবং চেয়ার ও লাঠি দিয়ে মারধরের পাশাপাশি সভাস্থলে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
অমল হালদারের অভিযোগ,’প্রথম থেকেই আরএসএস ও বিজেপি প্ররোচনা দিচ্ছিল। আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম। আমার বক্তব্য চলাকালীন ওরা হামলা চালায়। চেয়ার ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সভাস্থলে ভাঙচুর চালানো হয়েছে।’ পুলিশও সক্রিয় ভূমিকা নেয়নি বলে অভিযোগ তার ।
সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ,’প্রায় এক ঘণ্টা ধরে বিনা প্ররোচনায় হামলা চলে।পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আমদেরই আহতদের হাসপাতালে নিয়ে যেতে হয় ।’
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা মুখপাত্র চিকিৎসক শান্তরূপ দে দাবি করেছেন,’সিপিএম প্রথম থেকেই প্ররোচনামূলক শ্লোগান দিচ্ছিল। আমাদের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়। বিজেপি কর্মীরা সংযত ছিলেন বলেই বড় ধরনের ঘটনা এড়ানো গিয়েছে।’
বিজেপি নেতা সুব্রত গোস্বামী বলেন,’সিপিএম রাস্তা আটকে সভা করছিল । সেই সময় আমরা নিজেদের সভায় যাচ্ছিলাম । একটি অ্যাম্বুল্যান্সে গুরুতর অসুস্থ রোগী ছিলেন। রাস্তা ছাড়ার কথা বলা হলেও তা শোনা হয়নি। উল্টে আমাদের এক কর্মীকে মারধর করা হয়। ওই কর্মীকে বাঁচাতেই আমরা এগিয়ে যাই ।’ তাঁর অভিযোগ,’অশান্তি বামেরা নিজেদের মধ্যেই করেছে, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’।

