এইদিন ওয়েবডেস্ক,অন্ধ্রপ্রদেশ,১০ মে : অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার একটি স্থানের নাম পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে শনিবার সাম্প্রদায়িক উত্তেজনা ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয় মুসলিমরা প্রশাসনিক অনুমতির দাবি করে আলমাসপেট সার্কেলের নাম পরিবর্তন করে টিপু সুলতান সার্কেল রাখার সিদ্ধান্ত নিলে এই বিতর্কের সূত্রপাত হয়। এই খবর ছড়িয়ে পড়লে, স্থানীয় হিন্দু সংগঠনগুলি নতুন নামের তীব্র বিরোধিতা করে এবং ওই এলাকার নাম ‘হনুমান সার্কেল’ রাখার পক্ষে মত দেয়।
শনিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন হিন্দু সংগঠনের সমর্থকরা সার্কেলটিতে ৩০ ফুট উঁচু একটি হনুমান মূর্তি স্থাপনের চেষ্টা করে । মুসলিম সম্প্রদায় ব্যাপক পাথরবাজি শুরু করে এবং তারা সেখানে টিপু সুলতানের বড় বড় ছবি টাঙিয়ে দেয় । এতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিবাদ নিরসনের চেষ্টা করে । শেষে পুলিশ লাঠিচার্জ করে টিপু সুলতান পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় । ছিঁড়ে ফেলে দেওয়া হয় টিপু সুলতানের ছবির ব্যানারগুলি । পাথরবাজির ঘটনায় সার্কেল ইন্সপেক্টর নরসিংহ রাও, দুজন কনস্টেবল এবং কয়েকজন হিন্দু আহত হয়েছেন ৷
কাডাপার এসপি এন বিশ্বনাথ বলেছেন,’একদল লোক সার্কেলটির নাম ‘টিপু সুলতান সার্কেল’ রাখার দাবিতে বিক্ষোভ করে। অন্য একটি দল সার্কেলটির নাম ‘হনুমান সার্কেল’ রাখার দাবি জানায়। উভয় দলই বিপুল সংখ্যায় জড়ো হয়ে পাথর ছোড়াছুড়ি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ।’
হিন্দু সংগঠনগুলির অভিযোগ,বিগত ১৫ বছরে অন্ধ্রপ্রদেশে ব্যাপক জনসংখ্যাগত পরিবর্তন ঘটেছে, যার ফলে বারবার আইনশৃঙ্খলার সমস্যা বাড়ছে । এই কারনে তারা ভোটব্যাংকের নামে মুসলিম তোষামোদি রাজনীতিকে দায়ি করেছেন ।।
