এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুলাই : পালাবদলের দুই মাসের মাথায় শিল্পায়নের মুখ দেখতে শুরু করল পশ্চিমবঙ্গ । সিপিএমের ৩৪ বছর এবং তৃণমূলের ১৫ বছরের রাজত্বে শিল্পের পলায়ন দেখতে অভ্যস্ত রাজ্যবাসী নতুন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রত্যক্ষ করল আজ শনিবার । আজ ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । উপস্থিত ছিলেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি,বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়,মন্ত্রী অর্জুন সিং সহ অনান্যরা ।
ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি হবে বলে জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা এবং তোলাবাজির দিন শেষ হওয়ার পর থেকেই এরাজ্যে শিল্প স্থাপনের জন্য উদ্যোগপতিরা আগ্রহী হয়ে উঠছেন । মুখ্যমন্ত্রী বলেন,’শুধু বাংলা বা অন্য রাজ্যের শিল্পপতিরা নন, এখানে বিদেশি বিনিয়োগ হবে। এফডিআই (প্রত্যক্ষ বিদেশি লগ্নি) আসবে। শমীকদা সেই স্বপ্ন দেখিয়েছেন। আর দায়িত্ব আমাকে দিয়েছেন।’
পশ্চিমবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে খরা চলছিল বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ”এই রুক্ষতা বা খরা শুধু গত ১৫ বছরে হয়নি, আগের ৩৪ বছরের বাম আমল থেকে চলছে। সেই খরা কাটিয়ে ওঠার সময় এসেছে। আপনারা ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে।’ মুখ্যমন্ত্রী বলেন,’শিল্পের পরিবেশ উন্নত করতে গেলে রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক করতে হবে। সেই লক্ষ্যে অনেকটাই অগ্রসর হয়েছে বিজেপি সরকার। তোলাবাজি, কাটমানির সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। এখন রাস্তায় আর লাইন দিয়ে কেউ হাত পাতবে না ।’
শুভেন্দু বলেন,’দু’মাসের সরকারে অনেক পরিবর্তন আপনার দেখতে পাচ্ছেন। মে মাসের পর কেউ টাকা চাইতে যাচ্ছে না। আইন-শৃঙ্খলা ঠিক রাখা আমাদের লক্ষ্য। শিল্পের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে রাজ্য কোনও আপোস করবে না ।’
এ ছাড়াও রাজ্য ত্রিমুখী কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । তিনি জানান, সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করবে সরকার। ব্যবসার জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে সহজ শর্তে লোন দেওয়া হবে জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। আন্তর্জাতিক শিল্পায়ন হবে। ডবল ইঞ্জিনের সুবিধা পাবেন। বেকারত্ব দূর করা আমার দায়িত্ব।’।
