এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ জুলাই : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশ্লীল ভাষায় আক্রমণ ও দেশ বিরোধী রিলস পোস্ট করার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটর যুবতিকে গ্রেপ্তার করেছে মালদা জেলার চাঁচল থানার পুলিশ । ধৃতের নাম মুসু ইয়াসমিন । তার বাড়ি চাঁচল থানার মুবারকপুর এলাকায় । আজ শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । বিজেপির সন্দেহ এর পিছনে কোনো দেশ বিরোধী বিদেশী শক্তির হাত আছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা ।
চাঁচল থানার মোবারকপুর এলাকার বাসিন্দা কন্টেন্ট ক্রিয়েটর মুসু ইয়াসমিন দীর্ঘদিন ধরেই দেশ বিরোধী ভিডিও বানিয়ে পোস্ট করছিলেন বলে অভিযোগ । সম্প্রতি বাংলাদেশ সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অত্যন্ত অশ্লীল ও কুরুচিকর ভাষায় আক্রমণ করে একটি ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে ওই তরুনী । শুক্রবার এনিয়ে চাঁচল থানায় ওই তরুনীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে বিজেপি । অভিযোগ দায়েরের ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।
আজ শনিবার ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় জড়ো হয়ে তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে । বিজেপির সন্দেহ এই ধরনের ভিডিও মেয়েটির মস্তিষ্কপ্রসূত নয়। এর পেছনে দেশ বিরোধী কোন দেশীয় বা বিদেশী শক্তি রয়েছে। এনিয়ে পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।।
