এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ সেপ্টেম্বর : আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের । এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও বহু মানুষ । আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় এই বিমান হামলা চালানো হয় । যদিও পাকিস্তানের দাবি, তারা বিদ্রোহীদের আস্তানায় হামলা চালিয়েছে । তবে আফগানিস্তানের তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার পাকিস্তান সরকার জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা চালানো হয়। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা জানালেও দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর কয়েক ঘণ্টা আগে আফগান তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, রাতভর চালানো পাকিস্তানি বিমান হামলায় আফগান ভূখণ্ডে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তাবস্থা ভেঙে এই হামলার ঘটনা ঘটল। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে আফগানিস্তান।
তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কুনার প্রদেশের একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।তিনি জানান, পাকতিকা প্রদেশের দুটি স্থানে বোমা হামলা চালানো হয়েছে। এতে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে।হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানান স্থানীয় বাসিন্দা ৫৫ বছর বয়সী মুলা খান। তিনি বলেন, সবাই ভয়ে ছিল।
পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ। সীমান্তপারের হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের জঙ্গিবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে হামলার প্রতিবাদ জানানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়। বছরের প্রথমার্ধে বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণে শত শত মানুষ নিহত হন।
এর মধ্যেই গত শুক্রবার পাকিস্তানের উত্তর- পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় একটি পুলিশ স্থাপনায় সশস্ত্র গোষ্ঠী টিটিপি হামলা চালায়। এতে অন্তত ২৪ জন নিহত হন। পাকিস্তানে অতীতে এ ধরনের সশস্ত্র হামলার পর আফগানিস্তানে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। রবিবার আফগান সীমান্তবর্তী হাঙ্গু জেলায় পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর পৃথক সংঘর্ষে ছয় সেনা ও আট বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।
পাকিস্তানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। এসব গোষ্ঠীর সমর্থকগোষ্ঠী ও মতাদর্শ ভিন্ন হলেও পাকিস্তানি রাষ্ট্রকে তারা অভিন্ন শত্রু হিসেবে দেখে।
গত সপ্তাহের কোহাট হামলার দায় স্বীকার করেছে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী শুরা ইত্তেহাদ-উল- মুজাহিদিন। সিঙ্গাপুরের এস. রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক আবদুল বাসিতের মতে, গোষ্ঠীটির নেতৃত্বে রয়েছেন ওয়ারলর্ড হাফিজ গুল বাহাদুর। একসময় সীমান্তবর্তী এলাকায় তিনি আল-কায়েদা ও আরবপন্থি যোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন।
বাসিত বলেন, শুরুতে গোষ্ঠীটি আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে হামলা চালাত। তবে ২০১৫ সালের দিকে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর বড় অভিযানের পর তারা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। ওই অভিযানে গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করা হয়েছিল এবং এরপর তাদের অনেক যোদ্ধা আফগানিস্তানে চলে যায়।
তার মতে, সেই সময়কার পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব এখনো দেখা যাচ্ছে। গুল বাহাদুরের গোষ্ঠী বর্তমানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর একটি ছাতার মতো সংগঠনে পরিণত হয়েছে, যেখানে আল-কায়েদা নেপথ্যের পরিকল্পনাকারী এবং গুল বাহাদুর এর প্রধান মুখ।
পাকিস্তানে সাম্প্রতিক প্রাণঘাতী হামলাগুলোর ক্ষেত্রে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে বেশি আলোচনা হলেও, দেশটির কর্মকর্তারা বলছেন, গত বছরের শেষ দিক থেকে আফগানিস্তানে টিটিপির পাশাপাশি গুল বাহাদুরের ঘাঁটিতেও পাল্টা বিমান হামলা চালিয়ে আসছে পাকিস্তান। জুলাইয়ে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছিল। ইসলামাবাদ তখন দাবি করেছিল, তাদের বাহিনী এসব ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে।
তবে সবচেয়ে প্রাণঘাতী একক হামলার ঘটনা ঘটে মার্চে। ওই সময় কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানায় আফগান তালেবান। তাদের দাবি ছিল, হামলায় একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল।তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।।

