এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জুন : আজ শনিবার কাটোয়া দু’নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের বাকশা গ্রামে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে । আসলে,দুপুর নাগাদ জেলেদের একটা দল গ্রামের বন পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিল । কিন্তু জালে উঠে আসে বেশ কয়েকটি সকেট বোমা । আর বোমা দেখেই মাছ সুদ্ধ জাল ফেলে ভয়ে দৌড়ে পালিয়ে যায় লোকজন । খবর পেয়ে পুলিশ আসে এবং বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় । বিজেপির অভিযোগ, ২০২৬ শের বিধানসভার ভোটের পর এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করার জন্য ওই বোমাগুলি মজুত করে রেখেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । কিন্তু তৃণমূল শোচনীয় ভাবে পরাজিত হওয়ায় ধরা পড়ার ভয়ে তারা পুকুরে ফেলে দিয়ে পালায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, আজ দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন বাকশা গ্রামের বন পুকুরে জাল ফেলেছিল । সেই সময় বেশ কয়েকটি লোহার ভারী বস্তু তারা জালে দেখতে পায়। জল থেকে জাল তুলতেই উঠে আসে সকেট বোমা । এরপর তারা জাল ফেলে নিরাপদ দুরত্বে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে পুকুরের জলের মধ্যে আরও বেশ কিছু সকেট বোমা ও আগ্নেয়াস্ত্র জলে ফেলে রাখা হয়েছে ৷
স্থানীয় বিজেপি নেতা সূর্যদেব ঘোষের অভিযোগ,’এই এলাকায় ভোট পরবর্তী হিংসার জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ করে রেখেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ বিজেপি ক্ষমতায় আসতেই ভয়ে সবকিছু পুকুরে জলে ফেলে রেখে গেছে ।’ তিনি পুকুরে জল তুলে ফেলে তল্লাশির জন্য দাবি জানিয়েছেন ।।
