এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ মে : এক বাংলাদেশী ইসলামপন্থী সাংসদের ভারত ও বিজেপি-বিরোধী বিবৃতি প্রকাশ্যে এসেছে । ভারত -বিরোধী বলে পরিচিত ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’-র প্রধান ও সাংসদ নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ের পর মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ওপর নিপীড়ন শুরু হবে । তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা এখন নিরাপদ নয়”। নাহিদ ইসলাম মনে করেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব আরও বেড়েছে এবং দেশে হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মের সহাবস্থান অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
মহম্মদ ইউনুসের সরাসরি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের একটি অংশ। এর আগে, জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ নুরুল হুদা একটি ভিডিও বিবৃতির মাধ্যমে মমতা ব্যানার্জীকে তার নির্বাচনী পরাজয়ের পর “দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” এবং পশ্চিমবঙ্গকে একটি “স্বাধীন রাষ্ট্র” হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। হুদা আরও বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশের “১৭ কোটি মুসলমান” মমতার পাশে দাঁড়াবে । তিনি মমতার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ারও প্রশংসা করেন ।।
