এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুন : পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলের পর আজ দুপুরে বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) । মাথায় প্রায় ৭.১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এবং জিএসডিপি-র তুলনায় ৩৮-৩৯% ঋণের অনুপাত কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের এক কঠিন চ্যালেঞ্জের মুখেও জনমোহিনী বাজেট পেশ করল রাজ্যের বিজেপি সরকার । দীর্ঘদিন ধরে স্বল্প সাম্মানিক কাজ করা অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য সুখবর দিয়েছেন স্বপন দাশগুপ্ত ৷ তাদের সাম্মানিক বাড়ানো হয়েছে মাসিক ৫ হাজার টাকা করে ।
এছাড়া তিনি তিনি ঘোষণা করেছেন, রাজ্যে খুব দ্রুত ১ লক্ষ শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে । এর মধ্যে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে পুলিশ বিভাগে এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যে যে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছিল, তা আগামী পরবর্তী ২ বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বহু বছর ধরে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় বসার আরও একটি সুযোগ পাবেন।
আজ সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই স্বপন দাশগুপ্ত জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বহাল থাকবে। তিনি বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার করা হবে।’ ফলে সরকার বদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।।
