পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৮ জুন : চিকিৎসার গাফেলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালে ৷ মৃত শিশুর নাম মহম্মদ মনতাসির মন্ডল । আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির । পরিবারের অভিযোগ,গতকাল রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসককে ফোন করে হাসপাতালে আসার জন্য বলা হয় । কিন্তু তিনি হাসপাতালে না এসে ফোনেই চিকিৎসা করেন । এরপর নার্স একটি ইঞ্জেকশন দিতেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ মৃত শিশুটির পরিবারের । যদিও এনিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
জানা গেছে, শনিবার রাতে কালনা থানার অন্তর্গত রসুলপুর এলাকার একটি পরিবার ওই ৬ মাসের শিশুটিকে অসুস্থ অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি করে । শিশুটির প্রস্রাবের সমস্যা ছিল । প্রস্রাব না হওয়ায় শিশুটির পেট ক্রমশ ফুলছিল । মৃত শিশুর মা রশমি খাতুন বলেন,’আমার ছেলের প্রস্রাব হচ্ছিল না বলে হাসপাতালে নিয়ে এসেছিলাম । নার্সরা ছেলেকে সেলাইন ও ইঞ্জেকশন দিল । কিন্তু রাতের দিকে আমার ছেলের প্রচুর পেট ফুলে যায় । এই দেখে নার্সদের কাছে বারবার গিয়ে ডাক্তারবাবুকে এসে দেখে যাওয়ার জন্য অনুরোধ করি । আমি বারবার অনুরোধ করার পর সেলাইন দেওয়া হয় । ভোরের দিকে ছেলে ৩ বার প্রস্রাবও করে৷ আমার বুকের দুধ টেনে খেলো । আমার ছেলে ভালো ছিল ।’
তার অভিযোগ, ‘কিন্তু ছেলের পেট ফোলা কিছুতেই কমছিল না । সকালেও ডাক্তারকে এসে দেখে যাওয়ার জন্য বলি৷ কিন্তু ডাক্তার আসেনি । অনেক পরে সকাল ৭-৮ টার সময় ডাক্তার এলো । ছেলেকে পরীক্ষা করল ৷’
রশমি খাতুনের অভিযোগ,’সকালে ছেলেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় । গাড়িও এসে গিয়েছিল । কিন্তু কালনা হাসপাতাল থেকে আমার ছেলেকে নিয়ে যেতে দিল না । ডাক্তার দেখবে বলে জানায়৷ অনেকক্ষন পরে এসে বললো আমার ছেলে মরে গেছে ।’ চিকিৎসার গাফেলতির কারনেই তার ছেলের বেঘোরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওই মহিলার ।।
