এইদিন বিনোদন ডেস্ক,২৫ নভেম্বর : ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতে পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ইতিহাস সৃষ্টি করেছেন।এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক খেতাব জয় করা তিনিই প্রথম বিবাহিত নারী ও মা। ২৭ বছর বয়সী জেনিফার তার নিজ শহর সান হুয়ানে এই মুকুট জয় করেন, যা পুয়ের্তো রিকোকে এনে দেয় ষষ্ঠ মিস ইউনিভার্স খেতাব।
ব্যারেটোর মুকুট জয়ের যাত্রা সাধারণ নয়, বরং বিশেষ। মনোবিজ্ঞানে স্নাতক এবং দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘আর্মি ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রাম’-এ কাজ করেন, যা গার্হস্থ্য হিংসা ও শিশু নির্যাতনের শিকার সামরিক পরিবারগুলোকে সহায়তা করে। এছাড়াও তিনি টেক্সাস ও পুয়ের্তো রিকোর স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এই প্রতিযোগিতায় মিস ডোমিনিকান রিপাবলিক প্রথম রানার-আপ এবং মিস ভেনেজুয়েলা দ্বিতীয় রানার-আপ হন, এবং ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিযোগীরা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন।
পেশাগত দায়িত্বের বাইরে ব্যারেটো বই পড়তে ও ভলিবল খেলতে ভালোবাসেন। এছাড়াও তিনি পুয়ের্তো রিকো জুড়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। তিনি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাথে কাজ করে ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা করেন এবং এই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন।
উল্লেখ্য, ব্যারেটো কোনো পূর্ব মডেলিং বা র্যাম্প ওয়াকের অভিজ্ঞতা ছাড়াই সৌন্দর্য প্রতিযোগিতার জগতে প্রবেশ করেন। তিনি ২০২৫ সালে তার প্রস্তুতি শুরু করেন এবং ২০২৬ সালের জুন মাসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো মুকুট জয় করেন।মিস ইউনিভার্স সংস্থা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এই কথা জানায়,’এক নতুন রানী, এক নতুন যুগ! পুয়ের্তো রিকোতে মুকুটটি নিয়ে আসার জন্য আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন ।’।
