এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুন : অবশেষে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি । আজ সোমবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি।
সই জাল কান্ডে রবিবারই দীর্ঘ সাড়ে আট ঘণ্টা রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি-র (CID) ভবানী ভবনের দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।তাঁকে এবং তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার পাশাপাশি মঙ্গলবারও তাঁকে সিআইডি-র তলব রয়েছে। বুধবার আরও একটি মামলার প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা।
কারন প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ সুজয় কৃষ্ণ ভদ্র বা কালিঘাটের কাকুর গোপন ডাইরিতে অভিষেক ব্যানার্জির নাম বারবার উঠে এসেছে বলে দাবি ইডির । এছাড়া,সিবিআই-এর চার্জশিটে উঠে আসা একটি অডিয়ো ক্লিপে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এবং চাকরি বিক্রির টাকা লেনদেনের কথা বলা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী দলের । এই সমস্ত বেআইনি লেনদেনে অভিষেকের ‘লিপ্স অ্যান্ড বাউন্ড্স’ কেন্দ্রীয় সংস্থার র্যাডারে রয়েছে ।
এদিকে সই জাল কান্ড মামলায় কলকাতা হাইকোর্ট তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও, আগামী দুই সপ্তাহের জন্য তাঁকে কোনো কঠোর পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়েছে। তবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সেই সুরক্ষাকবচ নেই, যা এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে যে এবার কি গ্রেপ্তার হবেন তৃণমূলের “যুবরাজ” ।।
