এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ অক্টোবর : বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে হামলার মামলায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি । আজ বুধবার সকাল ১১টায় শেকস্পিয়র সরণি থানায় গিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মমতা ব্যানার্জির ভাইপো ও ডায়মন্ড হারবারের সাংসদ ।
সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি । ইমেল করে তিনি ৪৮ ঘণ্টার সময় চেয়েছিলেন বলে জানা গেছে । তার পরই মঙ্গলবার সাতসকালে পুলিশ অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে । বুধবার তাকে শেকস্পিয়র সরণি থানায় তলব করা হয়। সেই নোটিস পাওয়ার আজ সকালে থানায় হাজিরা দিলেন অভিষেক।
ঘটনাটি ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে । গত ২৭ অগস্ট পুলিশবাহিনীকে সাথে নিয়ে ওই ‘বেআইনি’ বিলবোর্ড খুলতে যায় পুরসভার আধিকারিকরা । সেই সময় অভিষেকের অনুগামীরা পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন । তাদের ধাক্কাধাক্কির পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত ওঠে । সেই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর হয়েছিল। মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন অভিষেক ব্যানার্জি, হুমায়ুন কবির,ডেরেক ও’ব্রায়েনসহ ১৩ জন ।
এর আগে ১ সেপ্টেম্বর এক বার ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অভিষেককে তলব করা হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেন তদন্তকারীরা। গত ৭ অক্টোবর অভিষেককে নোটিস দিতে গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস কেউ গ্রহণ করেননি। গত রবিবার ফের অভিষেকের বাড়িতে একটি হাজিরার নোটিশ দিতে যায় পুলিশ । প্রায় ২০ মিনিট অপেক্ষার পর বাড়ির সদর দরজা খোলা হয় । এরপর পুলিশকর্মীরা সাংসদকে নোটিশ দেন ।।

