এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোস্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় সামসেরগঞ্জের চাঁদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে৷
জানা গেছে,পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাড়ি মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখের । সম্প্রতি সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটি অত্যন্ত আপত্তিকর ছবি ও লেখা পোস্ট করে । স্থানীয় এক ব্যক্তি এনিয়ে সামসেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জানান । তার ভিত্তিতে ওই যুবককে মঙ্গলবার এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ । সে ঠিক কি পোস্ট করেছিল সেটা জানতে পুলিশ ধৃত যুবকের স্মার্টফোনটি খতিয়ে দেখছে ।।

