এইদিন বিনোদন ডেস্ক,০৩ জুলাই : বলিউড অভিনেতা আমির খান অবশেষে তাঁর তৃতীয় বিয়ে নিয়ে চলতে থাকা গুজবের অবসান ঘটিয়েছেন।আমির খান নিজেই জানিয়েছেন যে, তিনি আগামী ৫ই জুলাই তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন।গত মাসে খবর ছড়িয়েছিল যে, আমির খান জুলাই মাসে গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন।এবার পরিচালক রাজকুমার হিরানির প্রথম ওয়েব সিরিজ ‘পিটার অ্যান্ড পেড্রো’-র একটি বিশেষ প্রদর্শনীতে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে আমির আনুষ্ঠানিকভাবে তাঁর বিয়ের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন,”আমার বিয়ে আগামী ৫ই জুলাই। আমরা বাড়িতে খুব ছোট করে বিয়ের আয়োজন করছি। দিনটি আমাদের দুজনের জন্যই খুব বিশেষ ।বিয়েতে শুধু উভয় পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা সকলের আশীর্বাদ ও শুভকামনা কামনা করছি। আপনাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন ।”
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক
আমিরের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভক্ত ও নেটিজেনরা নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এবার আপনাদের সম্পর্ক চিরস্থায়ী ও মঙ্গলময় হোক,” অন্যদিকে আরেকজন মত দিয়েছেন, “এটা তাদের ব্যক্তিগত জীবন। বিয়ে নিয়ে কোনো কিছু স্পষ্ট করার প্রয়োজন নেই। তারা দুজনেই সুখী হলেই যথেষ্ট।”
আমির খান এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন এবং পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ ঘটে। এখন আমির খান গৌরী স্প্র্যাটের সঙ্গে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করবেন।।
