এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : বিয়ের চার দিন আগে প্রি-ওয়েডিং শুটে করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল হবু দম্পতির গাড়ি ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ফটোগ্রাফার ও একজন বাইক আরোহীর । তবে বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন হবু দম্পতি৷ দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝর্ণা মোড়ের কাছে ১১৪ নম্বর জাতীয় সড়কে । দুর্ঘটনায় মৃতেরা হলেন ভাতার থানার ওরগ্রামের বাসিন্দা জামাল শাহ শেখ (৪৭), বর্ধমান শহরের কমলসায়েরের শেখ নওয়াজ (২৩) এবং জামালপুরের মশাগ্রামের সুদেব ঘোষ (২৮)। মৃতদের মধ্যে নওয়াজ ও সুদেব পেশায় ফটোগ্রাফার । আর জামাল ছিলেন মোটরবাইকের আরোহী ।
জানা গেছে,দিন চারেক পরেই বিয়ের কথা রয়েছে রাজা মল্লিক নামে বর্ধমান শহরের এক যুবকের ৷ নতুন জীবনে পা রাখার আগে হবু স্ত্রীকে নিয়ে প্রি- ওয়েডিং ফোটোশুটের পরিকল্পনা করেছিলেন তিনি৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরার মনোরম পরিবেশে স্ত্রীর সাথে প্রি-ওয়েডিং মুহুর্ত ক্যামেরাবন্দি করার পরিকল্পনা ছিল রাজার ৷ সেই মোতাবেক আজ দুপুরে একটি স্করপিয়ো গাড়িতে চড়ে বর্ধমান থেকে গুসকরার দিকে রওনা দিয়েছিলেন তাঁরা৷ গাড়িতেই ছিলেন দুই ফটোগ্রাফার নওয়াজ ও সুদেব ।
জানা গেছে,দুপুর নাগাদ বর্ধমানের দিক থেকে গুসকরার দিকে যাচ্ছিল স্করপিয়ো গাড়িটি । ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে তারা যাওয়ার সময় উল্টো দিক থেকে বাইকে চড়ে আসছিলেন ওরগ্রামের বাসিন্দা জামাল শাহ শেখ৷ গাড়ি ও বাইকটি প্রবল গতিতে আসছিল বলে দাবি ঘটনার প্রত্যক্ষদর্শীদের ৷ এরপর ভাতার থানার ঝর্ণা মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিয়ো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, মোটর বাইকটি কার্যত তালগোল পাকিয়ে যায় । এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে ধানজমিতে উল্টে যায় স্করপিয়ো গাড়িটি ।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হবু দম্পতি-সহ স্করপিয়োয় থাকা অন্য যাত্রীরাও দুর্ঘটনায় আহত হন। তাঁদের মধ্যে আরও চার জনের যখন হওয়ার খবর পাওয়া গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান,স্করপিয়োর সামনে হঠাৎ একটি ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটি আটক করেছে পুলিশ ।।
