এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ অক্টোবর : মহাষ্টমীর দিনেই নিজের সাড়ে তিন মাসের ঘুমন্ত শিশুকে বিছানা থেকে তুলে বাড়ি পাশের পুকুরের জলে ফেলে খুনের অভিযোগ উঠল গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুরুম্বা গ্রামে । আজ রবিবার ভোরে পুকুর থেকে অঙ্কিত ঘোষ নামে ওই শিশুর দেহ উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ ঘাতক মা মামনি দাস ঘোষকে (২৩) গ্রেপ্তার করেছে । তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শিশুটির দাদু অভিজিৎ ঘোষ । শারদোৎসবের মাঝে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ শিশুটির বাবা অঞ্জন ঘোষসহ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । ঠিক কি কারনে নিজের গর্ভজাত সন্তানকে ওই মহিলা এভাবে খুন করলেন সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,মামনি দাস ঘোষের বাপের বাড়ি মালদায় । মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা অঞ্জন ঘোষের সঙ্গে বছর দুয়েক আগে তার বিয়ে হয়েছিল । অঞ্জন মূক ও বধির। শনিবার শাশুড়ির সঙ্গে শিশুকে নিয়ে কুরুম্বা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মামনি৷ সেখানেই নিজের শিশুপুত্রকে পুকুরের জলে ফেলে খুনে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।
মামনি দাস ঘোষের বিরুদ্ধে একটা একটা অত্যন্ত সন্দেহজনক খোলসা করেছেন অভিজিৎ ঘোষ । তিনি বলেছেন,’এর আগেও অন্তঃসত্ত্বা হয়েছিলেন মামনি। তখন বাপের বাড়িতে গিয়ে তাঁর গর্ভপাত করানোর কথা জানতে জানতে পারি আমরা ৷ সেই কারণেই এ বার ক্ষীরগ্রামে রেখেই সন্তান প্রসব করানো হয়েছিল ৷’ কিন্তু কেন সে গর্ভপাত করিয়েছিল তা আজও রহস্যই রয়ে গেছে বলে জানান তিনি ।
পরিবার সুত্রে খবর, মাস তিনেক আগে অঙ্কিতের জন্ম দেন মামনি । তার পর থেকেই ক্ষীরগ্রামে শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি । কুরুম্বা গ্রামে আত্মীয়ের বাড়িতে রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে সন্তানকে নিয়ে ঘুমোতে যান মামনি। রাত প্রায় ১২টা নাগাদ হঠাৎ শাশুড়িকে ঘুম থেকে তুলে মামনি জানান, বিছানায় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এর পরেই পরিবারের অনান্যদের ঘুম থেকে তুলে রাতের অন্ধকারেই শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয় । বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পরে মামনিই পাশের পুকুরে খুঁজতে বলেন বলে অভিযোগ । সেখানেই শিশুটির দেহ জলে ভাসতে দেখা যায়৷
ঘটনায় সন্দেহ হওয়ায় পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন শাশুড়ি। অভিজিৎবাবুর দাবি, তখনই শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন মামনি। তিনি কাঁদতে কাঁদতে বলেন,’মা হয়েও নিজের দুধের শিশুকে কেউ এ ভাবে খুন করতে পারে এটা স্বপ্নেও কল্পনা করিনি ।’।

