এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ নভেম্বর : তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসসহ দুটি পৃথক তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হল পশ্চিমবঙ্গে । তার মধ্যে আজ বুধবার ভোররাতে ডায়মন্ড হারবারের সরিষা এলাকার তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই ওই বিপুল পরিমান নগদ টাকা উদ্ধার হয় বলে জানা গেছে ।
পাশাপাশি দ্বিতীয় ঘটনাটি ঘটেছে খড়গপুরে । যেখানে টাটা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে ভ্রমণকারী এক যাত্রীর কাছ থেকে নগদ ১.৪০ কোটি টাকা উদ্ধার করেছে জিআরপি ৷ খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ট্রেনটি দাঁড়ালে হাওড়ার বাসিন্দা রাহুল সোনি নামে এক যাত্রী ট্রেন থেকে নামেন। গোপন সূত্র থেকে খবর পেয়ে খড়গপুর জিআরপি তাকে আটকে তল্লাশি শুরু করে । তখন তার কাছে বিপুল পরিমান নগদ টাকা পাওয়ায়৷ জি আর পি টাকা গোনার মেশিন আনিয়ে প্লাটফর্মেই নোট গোনার কাজ শুরু করে । শেষ পর্যন্ত দেখা যায় যে,ওই নগদ অর্থের পরিমান ১.৪০ কোটি টাকা । পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । উদ্ধার হওয়া অর্থের উৎস ও এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।
