এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থেকে টোটো হাইজ্যাক করে পালানোর সময় ধরা পড়ে গেল পার্শ্ববর্তী মঙ্গলকোটের এক মাদকাসক্ত যুবক । জেরায় সে জানায় তাঁর নাম সবুজ আনসারি। সঙ্গে আরও তিনজন ছিলো বলে জেরায় স্বীকার করে সে। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেন।
জানা গেছে, মঙ্গলকোটের দাসপুর এলাকার বাসিন্দা পেশায় টোটোচালক শ্যামল দাস এদিন বলগোনা বাজার থেকে ফেরার পথে নিত্যানন্দপুর গ্রামের মোড়ের কাছে টোটোটি দাঁড় করিয়ে একটি দোকানে গিয়েছিলেন। টোটোতেই লাগানো ছিলো চাবি। সেই সুযোগ বুঝে মঙ্গলকোটের বাসিন্দা ওই যুবক টোটোটি চালিয়ে চম্পট দেয়। টোটোচালক বুঝতে পেরেই কার্যত দিশাহারা হয়ে যান । ঘটনাক্রমে তখন নিত্যানন্দপুর মোড়ের কাছে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিলেন বুদ্ধদেব দাস নামে এক যুবক। তাঁদের বলতেই বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ওই টোটোর পিছু ধাওয়া করেন। ডাঙ্গাপাড়া পেড়িয়ে টোটোটি আটকে ফেলেন বুদ্ধদেব। এরপর ওই হাইজ্যাকারকে টোটোতে চাপিয়ে লাইভ ভিডিও করতে করতে নিয়ে আসেন বুদ্ধদেব ।
পুলিশকে খবর দেওয়া হয়। দেখা যায় স্থানীয়রা যখন টোটো চোরকে জেরা করছেন তখন তাঁর পকেট থেকে বেড়িয়ে আসে ডেনড্রাইট জাতীয় রাসায়নিক আঁঠা। তারই নেশাতে চুর ছিল ওই যুবক। জেরায় সে জানায় তাঁর নাম সবুজ আনসারি। সঙ্গে আরও তিনজন ছিলো বলে জেরায় স্বীকার করে সে। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেন ।।
