এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : ভুয়ো কাগজপত্র দেখিয়ে বাড়ি বাড়ি ঘুরে চিকিৎসা করার নামে অর্থ আদায়ের অভিযোগে তিন মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেণ্ডা গ্রামের বাসিন্দারা । আজ শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
স্থানীয় বাসিন্দাদের কথায়,দিন চারেক আগে তিনজন মহিলা বেলেণ্ডা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে প্রথমে ৫০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করিয়েছিলেন। এরপর আজ দুপুরে কয়েকটি বাড়িতে গিয়ে ওষুধ বিক্রি করছিলেন। তখন কয়েকজন যুবক তাঁদের কাছে নথিপত্র দেখতে চান। অভিযোগ, কিছু ভুয়ো কাগজপত্র দেখানোর পর তাঁদের আটক করা হয়। যদিও এখনও পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।।
