শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বিজেপির এক সংখ্যালঘু নেতা । দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মন্তেশ্বর থানার অন্তর্গত কুলুট সমবায় সমিতি এলাকায় । মৃতের নাম বাগবুল শেখ (২৬)। তাঁর বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত কাঞ্চনডাঙ্গা গ্রামে । তিনি কাঞ্চনডাঙ্গা এলাকার বুথ সভাপতি ছিলেন। দলের এক একনিষ্ঠ কর্মীর এই প্রকার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গেরুয়া শিবিরে ।
জানা গেছে,মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের দুই নম্বর মন্ডল সভাপতি দিলীপ দাসের গাড়ি চালাতেন বাগবুল শেখ । পাশাপাশি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে বিজেপির ব্লক কার্যালয় থেকে নিজের বাইকে চড়ে কাঞ্চনডাঙ্গা গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি কুলুট সমবায় সমিতির কাছে আসতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারেন । বাইক সহ ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
মন্তেশ্বর ২ নম্বর মন্ডলের সম্পাদক নরোত্তম ঘোষ বলেন,’বাগবুল শেখ খুব খোলা মনের ছিলেন। পুরো ব্লক কার্যালয় কে হাসিখুশিতে ভরিয়ে রাখতেন। সেই সাথে তিনি দলের জন্য প্রচন্ড পরিশ্রম করতেন । মূলত তার একক কৃতিত্বেই ২০২৬ সালের বিধানসভার ভোটে সংখ্যালঘু অধ্যুষিত নিজের বুথ থেকে দলকে জয় এনে দিয়েছিলেন। তার মৃত্যু আমাদের দলের জন্য অপুরনীয় ক্ষতি । আমরা দলের তরফ থেকে তার আত্মা শান্তি কামনা করছি ও পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি ।’ মৃত দলীয় নেতার পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন নরোত্তমবাবু ।।
