এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,২৮ নভেম্বর : ত্রিপুরার বক্সনগরের আশারামবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের উপর হামলায় যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন । সীমান্ত এলাকায় সরকারি জায়গা জবরদখল করে বসবাস করা অভিযুক্তদের ঘরবাড়িতে আজ শনিবার বুলডোজার অভিযান চালানো হল ।
ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগরের আশাবাড়ি সীমান্ত এলাকায় গত ২ নভেম্বর ২০২৬ তারিখে বিএসএফ (BSF) জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটে । ওইদিন সকালে আশাবাড়ি সীমান্ত চৌকির (বিওপি) ১৭৪ ও ১৭৫ নম্বর গেটের কাছে সন্দেহভাজন চোরাকারবারীদের ধাওয়া করার সময় বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর হামলা চালায় অবৈধভাবে বসবাসকারী লোকজন। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর মহিলাসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও মামলা রুজু করা হয়।
বিএসএফের উপর হামলার ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে । গনরোষের কথা মাথায় রেখে অভিযুক্তদের বাড়িঘরের বৈধ নথিপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করে প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গা জবরদখল করে বসবাসকারী পরিবারগুলির নথিপত্র যাচাইয়ের কাজও চলছিল।
প্রশাসনিক সূত্রে জানা যায়, নথিপত্র যাচাইয়ের পর আজ শনিবার আশারামবাড়ি এলাকার এক অভিযুক্তের বাড়িতে বুলডোজার অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক, পুলিশকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এর আগে সংশ্লিষ্ট পরিবারকে বাড়ি সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি খালি না করায় আজ বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন। এরপর বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ি ভেঙে ফেলার সময় পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।।
