এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ নভেম্বর : বাংলাদেশের আরও একটি মসজিদের ইমামের বিকৃত মানসিকতা সামনে এসেছে । সুনামগঞ্জের শাল্লায় সাদিকুর রহমান (৪২) নামে এক ইমাম স্থানীয় এক কিশোরীকে জোর করে মসজিদের ঘরে যৌন নিপিড়ন চালায় বলে অভিযোগ । শুক্রবার (২০ নভেম্বর) সকালে মসজিদে ইমামের ঘরের বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন গ্রামবাসী। এরপর বিকেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ধরা পড়ার পর ওই ইমাম বলেন,‘ভুল করিলাইছি, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন’ ।
অভিযুক্ত সাদিকুর রহমান শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদে প্রায় ১১ মাস ধরে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নে বলে জানা গেছে ।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী মসজিদের পাশের একটি দোকান থেকে চা-পাতা কিনতে যাচ্ছিল। এ সময় ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে মসজিদে নিজের ঘরে টেনে নিয়ে যায় । ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে আসে। তারা দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের ইমামের ঘরে গিয়ে খোঁজাখুঁজি করেন। শেষ পর্যন্ত বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। পরে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের খবর দেওয়া হয়। বিকেলে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন নাজির উদ্দিন নামে কিশোরীকে উদ্ধারকারীদের মধ্যে অন্যতম এক ব্যক্তি ।
যদিও অভিযুক্ত ইমাম সাদিকুর রহমানের দাবি, ওই কিশোরী নিজেই তার ঘরে গিয়েছিল।তিনি শুধু তার হাত ধরেছিলেন। পরে লোকজন দেখে ফেলতে পারে এমন ভয়ে কিশোরীকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন বলে জানান তিনি। ধরা পরার পর নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে সাদিকুর রহমান বলেন, ‘অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমি গরিব মানুষ। একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন।’
ঘটনা প্রসঙ্গে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাদিকুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কিশোরীর নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
