এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ নভেম্বর : আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি বাংলাদেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার আগে হাসিনার দল আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক রাস্তায় “লগি বৈঠা” মিছিল শুরু করে দিয়েছে । অনেকের হাতে দেখা যাচ্ছে ধারাল অস্ত্র । এদিকে আওয়ামী লীগের কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করে দিয়েছে বাংলাদেশের পুলিশ । ফলে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে ।
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যদিও এই বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শাহজাহান জানান।তিনি বলেন,’আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।’
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা করে । এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন।
হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে নিরাপদ দুরত্বে পালিয়ে যায় । এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন লাগিয়ে দেওয়া হয়।এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।।
