এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৭ নভেম্বর : রাত পোহালেই কালীপূজা । আজ শনিবার রাজ্যের সমস্ত পূজো মণ্ডপগুলির প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়ে গেছে । মণ্ডপে মণ্ডপে এসে গেছে কালীপ্রতিমাও । দিকে দিকে পূজার উদ্বোধন করা হচ্ছে । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা ও সহরতলী এলাকার একাধিক পূজোর উদ্বোধন করেছেন । নিজের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কালীপূজা উদ্বোধন করার কথা ছিল তাঁর৷ কিন্তু উদ্বোধনের আগেই আজ সন্ধ্যার দিকে মণ্ডপটিতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । উদ্বোধন উপলক্ষে প্রচুর দর্শনার্থী এসেছিল । কিন্তু তাদের সামনেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ কিন্তু তার আগে মূর্তিসহ গোটা মণ্ডপটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । প্রাথমিকভাবে অনুমান, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ।
পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এবারের পূজো ৫৯ তম বর্ষে পদার্পন করেছিল । রাজ্যে পালাবদলের পর পূজো হওয়ায় এবারে বিশেষ কিছু উদ্যোগ নিয়েছিল পূজো কমিটি । এবারের থিম ছিল “রাম রাজত্ব” । বাজেট ছিল ৩০ লক্ষ টাকা । এদিন সন্ধ্যায় উদ্বোধন হওয়ার কথা ছিল । সেই মত উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিচ্ছিলেন পূজো কমিটির সদস্যরা । প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছিল মন্ডপে ৷ সেই সময় কোনো ভাগে মণ্ডপের কাপড়ে আগুন ধরে যায় । মণ্ডপটি তালপাতা, কাঠ সহ বিভিন্ন দাহ্যবস্তু দিয়ে তৈরি করায় দ্রুত গোটা মণ্ডপে আগুন ছড়িয়ে গিয়ে দাউদাউ করে জ্বলতে থাকে । আগুন এতটাই ভয়াবহ ছিল যে পূজো কমিটির সদস্যরা কার্যত অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে বাধ্য । পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । কিন্তু মণ্ডপ তো বটেই,দেবী কালীর মূর্তি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায় । ঘটনার পর গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে ।।
