এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারের তৃণমূল কংগ্রেসের যুবনেতা শান্তনু কোঁয়ারের উপর হামলার অভিযোগ উঠেছে । তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে । শান্তনুকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে । যদিও এনিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। কথা বলার মতন অবস্থায় ছিলেন না শান্তনু কোঁয়ার।
ভাতার থানার হাটকানপুর গ্রামে বাড়ি শান্তনু কোঁয়ারের৷ তিনি অভিষেক ব্যানার্জির অনুগামী বলে পরিচিত । ২০২৬ সালের বিধানসভার ভোটে ভাতার বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করেছিল দল । জানা গেছে, আজ শনিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে চড়াও হয় বেশকিছু লোকজন। তারা শান্তনুকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে বের করে বেধড়ক মারধর করে ৷ সেই সময় কেউ মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শান্তনু । এরপর হামলাকারীরা পালিয়ে যায় ৷ আত্মীয়স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ।

