এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ নভেম্বর : দীর্ঘ প্রায় দু’মাস ধরে প্রশাসনিক জটিলতা,আইনি লড়াই আর রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে অনাস্থা ভোটে অপসারিত হলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান সোমা খাতুন। ২৫ সদস্যের এই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে একজোট হয়েছিলেন ১৫ জন সদস্য । তাদের মধ্যে ছিলেন সিপিএমের ৬ জন, বিজেপির ৬ জন, তৃণমূলের ২ জন এবং কংগ্রেসের ১ জন সদস্য । আজ বুধবার ভোটাভুটিতে অপসারিত হন সিপিএমের প্রধান ৷
পঞ্চায়েতের টেন্ডারে অনিয়ম থেকে শুরু করে বিদায়ী সুমা খাতুনের আচার ব্যবহার নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিদ্রোহী সদস্য ও সদস্যারা । এমনকী, প্রধানের পরিবর্তে তার স্বামীই কার্যত পঞ্চায়েত পরিচালনা করতেন বলে অভিযোগ । এর আগে দু’বার অনাস্থা ভোট স্থগিত হয় । মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় ৷ শেষ পর্যন্ত আজ সিপিএম প্রধান সোমা খাতুনের কার্যকালের উপর স্থায়ী যবনিকা পড়ে ।।

