এইদিন বিনোদন ডেস্ক,০৩ নভেম্বর : অনান্য বছরের মতই এবছরেও যথারীতি দিপাবলীতে আতসবাজি পোড়ানোর বিরুদ্ধে আসরে নেমে পড়েছে এক শ্রেণীর কথিত পরিবেশপ্রেমী ও পশুপ্রেমী । কলকাতার বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মতই মুম্বাইয়ের কথিত পরিবেশপ্রেমী অভিনেত্রী দিয়া মির্জা যথারীতি তাদের প্রচার শুরু করে দিয়েছেন । কিন্তু পরিবেশ সচেতনতার নামে দিয়া মির্জার বার্তাকে অনেকেই “হিন্দুত্ব বিরোধী” হিসাবে দেখছেন ।
দিওয়ালিতে বাজি পোড়ানোর কারণে সৃষ্ট দূষণ বন্ধ করার আবেদন জানিয়ে দিয়া মির্জার ভিডিও বার্তাটি বিএমসি-র পোর্টাল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে । শুধু তাইই নয়,মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে বিএমসি-র সমস্ত অনুষ্ঠান থেকে দিয়া মির্জাকে বাদ দেওয়ার ঘোষণা করেছেন। ঋতু তাওড়ে বলেছেন,’দিয়া মির্জা হিন্দুত্ব-বিরোধী, আমাদের দিওয়ালি কীভাবে পালন করতে হয় তা তাঁর শেখানো উচিত নয়। তিনি নর্মদা প্রকল্প, প্রধানমন্ত্রী মোদী এবং অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছিলেন।আমরা জানি আমাদের উৎসব কীভাবে পালন করতে হয়।’
দিয়া মির্জা মুম্বাইবাসীকে বোম্বে হাইকোর্টের নির্দেশনা মেনে শব্দদূষণ এড়ানোর অনুরোধ করেছিলেন। এর জন্য বিএমসি তাঁর একটি ভিডিও প্রকাশ করে। কিন্তু পরে হঠাৎ করেই বিএমসি-র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি সরিয়ে ফেলা হয়। যে ভিডিওটিতে কেবল বাজি থেকে সৃষ্ট দূষণ বন্ধ করার আবেদন জানানো হয়েছিল, সেটি এখন একটি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।।

