এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩০ অক্টোবর : প্রেমের টানে নিজের পরিবার ও ধর্ম ত্যাগ করল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের মাগুরার শৈলকুপার হিন্দু তরুনী স্বর্ণা সাহা(১৯) । থানায় পুলিশের সামনেই স্বর্ণার মা তার পা ধরে তাকে সিদ্ধান্ত বদল করার জন্য আকুতি জানান ৷ পরিবারের অনান্য মহিলারাও তাকে বহু বোঝানোর চেষ্টা করেন । কিন্তু ওই তরুনী সাফ জানিয়ে দেন, “আমি আর ফিরে যাব না৷ তোমরা আমায় ভুলে যাও।”
মাগুরার হিন্দু তরুণী স্বর্ণা সাহা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাঁর মুসলিম প্রেমিক হাসিবুলকে বিয়ে করেছেন । সাম্প্রতিক সময়ে ঘটা এই ঘটনাটি মাগুরা এলাকায় বেশ চাঞ্চল্য এবং আলোচনার সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে । পরিবারকে প্রত্যাখ্যান করে প্রেমিকের সাথে চলে আসার পর ওই তরুনী বলেন,’আমার পরিবার আমাকে বহু বুঝিয়েছে । কিন্তু স্কুল থেকে শুরু করে আমাদের ৫ বছরের প্রেমের সম্পর্ক ।”
স্বর্ণা জানান যে তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ভালো-মন্দ বোঝার ক্ষমতা তাঁর রয়েছে। তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে হাসিবুলকে বিয়ে করেছেন এবং তাঁর সাথেই সংসার করতে চান বলে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ।
পরিবার চেষ্টা করেছে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য । কিন্তু মেয়ে তার প্রেমিক হাসিবুলের সাথে সংসার করবে বলে এই মর্মে থানায় মুচলেকা দিয়ে পরিবারকে ত্যাগ করেছে । হাসিবুলের বাবা হাবিবুর রহমান জানান, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিয়ের বিষয়টি তিনি আগে জানতেন না, পরবর্তীতে এলাকার মানুষের মাধ্যমে জানতে পেরেছেন ।।

