এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ অক্টোবর : পুরনো একটা ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বাংলাদেশের রংপুরের পীরগঞ্জের হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । আজ সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চককরিম গ্রামের হিন্দু পাড়ায় মুসলিমদের একটা দল তিনটি বাড়িতে হামলা চালায় । হামলার সময় বাড়িগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চককরিম গ্রামের বাসিন্দা বিশু চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্রের বিরুদ্ধে কোরান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি পুরোনো ভিডিও ফেসবুকে নতুন করে প্রকাশের বিষয়টি সামনে আসার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে অভিযোগে উল্লেখ করা বক্তব্যের সত্যতা কিংবা আদৌ ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুরোনো একটি ভিডিও নতুন করে সামনে আসার পর এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সোমবার সন্ধ্যার পর ৫০ থেকে ৬০ জন মুসলিম জনতা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে সৌরভ চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। পরে তারা সৌরভের বাবা বিশু চন্দ্র, কাকা জগদীশ চন্দ্র এবং সৌরভের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। সব মিলিয়ে তিনটি বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশের আগে বা লুটপাটের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর ঘরের টিভি-আলমারিসহ বিভিন্ন আসবাব ও মালপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা হামলাকারীদের থামানোর জন্য হাত-পা ধরে অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি । হামলাকারীদের মধ্যে অনেকে বাইরের এলাকা থেকে এসেছিলেন বলেও আক্রান্তরা জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার পর থেকে সৌরভ চন্দ্র আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে, এলাকায় আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় হিন্দু পরিবারগুলোর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে । হামলায় ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত জানান, একদল লোক সন্ধ্যায় এসে বাড়িঘরে হামলা চালায়। কিছু আসবাপত্র লুট করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মহম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা।।
