এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ অক্টোবর : তৃণমূল কংগ্রেসের জমানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এরাজ্য ছিল অবারিত দ্বার । যখন খুশি বাংলাদেশিরা এরাজ্যে ঢুকে পড়ত । তাদের মধ্যে কেউ কেউ অপকর্ম করে চম্পট দিত । কেউ এখানেই বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসে গেছে । এমনই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ । ধৃতকে মহম্মদ ইসমাইল হোসেন নামে চিহ্নিত করেছে পুলিশ । তার বাড়ি রাজশাহী জেলার চর নওশেরা এলাকায় । ধৃতের কাছ থেকে এদেশের ভুয়ো ভোটার কার্ড,প্যান কার্ড, আধার কার্ড প্রভৃতি নথিপত্র উদ্ধার হয়েছে। আজ সোমবার ধৃত বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয় ।
আটক বাংলাদেশি মহম্মদ ইসমাইল হোসেনের কথায়, প্রায় ১৫ বছর আগে একটা বড়সড় দল লালগোলা সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ে । তারপর সে আর নিজের দেশে ফিরে যায়নি । তবে ওই দলের বাকি সদস্যরা এখন কোথায় সেটা সে জানাতে পারেনি । জানা গেছে,মুর্শিদাবাদে আসার পর নিজের নাম বদলে ফেলে মহম্মদ ইসমাইল হোসেন । রনি সেখ নামে ভুয়ো নথি বানিয়ে বাগিয়ে ফেলে ভোটার কার্ড,প্যান কার্ড, আধার কার্ড প্রভৃতি নথিপত্র৷ বছর আষ্টেক আগে গোবর্ধনডাঙা স্কুলপাড়ার লাভলি খাতুন নামে এক মহিলাকে বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসে ।
জানা গেছে,রবিবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে গোবর্ধনডাঙা স্কুলপাড়ায় হানা দেয় সাগরদিঘি থানার পুলিশ । তারপর নথিপত্র পরীক্ষা করে সেগুলি ভুয়ো নিশ্চিত হওয়ার পর ওই বাংলাদেশিকে আটক করে থানায় আনা হয় । আজ তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে । তাকে ভুয়ো নথিপত্র তৈরিতে স্থানীয় কারা সাহায্য করেছিল তা এখন খতিয়ে দেখছে পুলিশ ।।

