এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : আজ সোমবার সাত সকালেই একটি চারচাকা গাড়ি ও শব্জি বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে । দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে ভাতার বাজার বাসস্ট্যান্ডের অদূরে একটি বাঁকের কাছে । দুর্ঘটনায় চারচাকা গাড়িটির ইঞ্জিনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে দুর্ঘটনার পরপরই পিক আপ ভ্যানটি পালিয়ে যায় বলে অভিযোগ ।
গাড়ি চালক শংকর মাহাতো বলেন,’আমি কলকাতার সল্টলেক থেকে আসছি । কাটোয়া হয়ে মালদা যাওয়ার কথা ৷ কিন্তু ভাতার বাজারে একটি শব্জি বোঝাই পিক আপ ভ্যান আমার গাড়ির ডান দিকে ধাক্কা দিলে গাড়িটি বিকল হয়ে যায় । ফলে ভাতারেই আটকে থাকতে হয়েছে আমাকে ।’
জানা গেছে, ভাতার বাসস্ট্যান্ড থেকে কাটোয়া মুখে প্রায় ১০০ মিটার দূরে একটি বাঁক রয়েছে । চারচাকা গাড়িটি ওই বাঁকের কাছে এসে একটি বাইককে ওভারটেক করতে যায় । সেই সময় বিপরীত দিক থেকে আসা শব্জি বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির ইঞ্জিনের ডান দিনের অংশ কার্যত তালগোল পাকিয়ে যায় ৷ গাড়ির গেটটি অবরুদ্ধ হয়ে যায় ৷ ফলে ভিতরেই আটকে থাকেন চালক । তিনি অন্য গেট দিয়ে বের হতে হতেই চম্পট দেয় পিক আপ ভ্যানটি । যদিও এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
উল্লেখ্য,ক্রমবর্ধমান টোটোর কারনে ভাতার বাজারে যানজট একটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে । আজ সোমবার সকালেও বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতার বাজারের কামারপাড়া মোড় থেকে নাসিগ্রাম মোড় পর্যন্ত দীর্ঘ যানজন প্রত্যক্ষ করা যায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,সড়কপথের দুপাশের ফুটপাতেই শুধু নয়,রাস্তার একাংশ জুড়ে টোটো দাঁড় করিয়ে রাখার কারনে প্রায়শই এমন যানজটের মুখে পড়তে হচ্ছে । এমনকি পথচারীদের পর্যন্ত চলাচল করতে গিয়ে তীব্র নাকাল হতে হয় । প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের । স্থানীয় বাসিন্দাদের দাবি যে, টোটোর দৌরাত্ম্য থেকে ভাতার বাজারকে মুক্ত করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিক প্রশাসন ।।

