এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ অক্টোবর : সৌদি আরবের রাজধানী রিয়াধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি৷ এই হামলায় ২৩ জন পাকিস্তানি সৈন্য নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েচে বলে জানা গেছে ।
হুথি বাহিনী এটিকে প্রতিশোধমূলক অভিযান বলে দাবি করেছে৷ যেখানে রিয়াধে অবস্থিত আরামকো স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। দলটি বলেছে, ইয়েমেনে সৌদি সামরিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।রয়টার্স এই দাবির কথা জানিয়েছে, যদিও সৌদি কর্তৃপক্ষ এবং আরামকো তাৎক্ষণিকভাবে এই হামলার খবরটি নিশ্চিত করেনি।
শনিবার সকালে রিয়াধের দক্ষিণে আরামকো তেল শোধনাগারে লাগা আগুন থেকে ধোঁয়া উঠতে দেখেছে রয়টার্স। সৌদি বাহিনী শুক্রবারেই খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া ৩টি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল এবং এর ধ্বংসাবশেষের আঘাতে আসিরে একজন আহত হয়। রাজধানীর দিকে ছোড়া সর্বশেষ নিশ্চিত ক্ষেপণাস্ত্রটি ছিল ১৯শে সেপ্টেম্বরের এবং সেটি আকাশেই ধ্বংস করা হয়েছিল। সৌদি আরব বা হুথি কেউই বলেনি যে এই শোধনাগারের আগুন কোনো হামলার জন্য ছিল।।

