প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ অক্টোবর : ফের বর্ধমানের বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে গুরুতর প্রশ্ন উঠল । এবারে বর্ধমানের জামালপুরের একটি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা৷ ওই নার্সিংহোমের নাম “লাইফ কেয়ার নার্সিংহোম” । সন্তানকে হারিয়ে নবজাতকের বাবা নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ অভিযোগপত্রটি জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠিয়ে দেয় ।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর ।
জানা গিয়েছে,তাপস রায় নামে হুগলী জেলার ধনিয়াখালির নিশ্চিন্দপুর এলাকার এক বাসিন্দা শনিবার জামালপুর থানায় এই অভিযোগটি দায়ের করেছেন । অভিযোগপত্রে তিনি পুলিশকে জানিয়েছেন,তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। সন্তান প্রসবের জন্য তিনি গত ১ অক্টোবর দুপুর ১২ টা নাগাদ তাঁর স্ত্রীকে জামালপুরের কালাড়াঘাট এলাকার লাইফ কেয়ার নার্সিংহোমে ভর্তি করেন। তার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁর স্ত্রীর চিকিৎসা করেন না নার্সিংহোমের চিকিৎসক । পরের দিন চিকিৎসক এসে তাঁর স্ত্রীর সিজার করেন । তার খানিক পরেই নার্সিংহোম কর্তৃপক্ষ ও অস্ত্রোপচার করা চিকিৎসক বলেন , তাঁর পুত্র সন্তান হয়েছে, কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে ।’ সন্তানের মৃত্যুর জন্য তাপস রায় চিকিৎসায় বিলম্ব এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে নার্সিংহোমের চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবি করেছেন।
এদিকে এক নবজাতকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর।জেলা স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) জয়রাম হেমব্রমের নির্দেশে জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) শঙ্খশুভ্র দাস কালাড়াঘাটের লাইফ কেয়ার নার্সিং হোমে তদন্তে যান।তিনি নার্সিংহোমে গিয়ে প্রসূতির চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং নথিপত্রও সংগ্রহ করেন। সিএমওএইচ জয়রাম হেমব্রম বলেন,’আমার কাছে এখনো কোনও অভিযোগ জমা পড়েনি। তবুও নবজাতকের মৃত্যুর কি কারণ সেই বিষয়ে আমরা খোঁজ নিয়ে দেখছি।’ নার্সিংহোম কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে না চাওয়ার তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে জামালপুরের কালাড়াঘাটের লাইফ কেয়ার নার্সিংহোমের বিরুদ্ধে অব্যবস্থা ও চিকিৎসা গাফিলতির অভিযোগ এই প্রথম নয় । বামফ্রন্টের আমলে চালু হওয়ার পর থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নানা সময়ে শিরোনামে থেকেছে এই নার্সিংহোমটি । বছর খানেক আগে এই নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে । জেলা
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট’ বা সিই আইন মেনে নার্সিংহোমটি না চলার প্রমাণ মেলায় জেলা স্বাস্থ্য দপ্তর চলতি বছরের শুরুতে এই নার্সিং হোমটি বন্ধের নির্দেশ দিয়েছিল।ফের আবার নার্সিংহোমটি চালু হয়েছে বলে জানা যাচ্ছে।’ স্বাস্থ্য দফতরের সমস্ত নিয়ম নীতি মেনে নার্সিংহোমটি এখন চলছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি ।
এর আগে বর্ধমান শহরের লাইফ কেয়ার নামেই আরও এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধেও চিকিৎসার গাফেলতির গুরুতর অভিযোগ ঘিরে তোলপাড় হয় । তার জের মিটতে না মিটতেই ফের জামালপুরের কালাড়াঘাটের লাইফ কেয়ার নার্সিংহোমের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায় জেলার বেসরকারি নার্সিংহোমগুলির উপর সরকারি নজরদারি দাবি উঠছে ।।

