এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০১ অক্টোবর : কথিত ধর্মনিরপেক্ষ বাস্তুতন্ত্রের কাছে সম্প্রীতির প্রতীক হিসেবে প্রশংসিত মহম্মদ দীপককে ফের গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ডের পুলিশ । মধ্যপ্রদেশের অবৈধ মসজিদ ভাঙা সংক্রান্ত একটি পোস্টের জেরে সঞ্জীব টাঙ্ক নামে এক প্রৌঢ় হিন্দু ব্যবসায়ীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উত্তরাখণ্ডের কোটদ্বার থেকে আজ বৃহস্পতিবার মহম্মদ দীপককে গ্রেপ্তার করা হয় ।
জানা গেছে, রাস্তা সম্প্রসারণের জন্য মধ্যপ্রদেশে উজ্জয়িনের একটি মসজিদ দিন দুয়েক আগে ভেঙে ফেলা হয়েছে । এনিয়ে ফেসবুকে নিজের মতামত পোস্ট করেছিলেন কোটদ্বারে শাড়ির দোকানদার সঞ্জীব টাঙ্ক । যেকারণে প্রচন্ড ক্ষুব্ধ হন মহম্মদ দীপক । এরপর সে সঞ্জীববাবুর দোকানে গিয়ে প্রথমে গালিগালাজ করে এবং পরে খুনের হুমকি দেয় বলে অভিযোগ ।
ঘটনার মুহুর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ।ভিডিওতে মহম্মদ দীপককে স্কুটিতে চড়ে সঞ্জীব টাঙ্কের দোকানের সামনে আসতে দেখা যায় । এরপর সে স্কুটিটি দাঁড় করিয়ে সোজা সঞ্জীববাবুর সামনে এসে দাঁড়ায়৷ সেই সময় আশপাশে আরও দু’জনকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে । তাদের সামনেই মহম্মদ দীপক সঞ্জীববাবুকে গালিগালাজ ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ ।
উল্লেখ্য,মোহাম্মদ দীপকের আসল নাম দীপক কুমার। উত্তরাখণ্ডের কোটদ্বার শহরের একটি জিম চালান । চলতি বছরের ২৬ জানুয়ারি শহরের ৭০ বছর বয়সি মুসলিম দোকানদার ওয়াকিল আহমেদের দোকানের নাম ‘বাবা স্কুল ড্রেস অ্যান্ড ম্যাচিং সেন্টার’ থাকায় প্রতিবাদ করেন বজরং দলের সদস্যরা৷ সেই সময় ওই দোকানদারের সমর্থনে এগিয়ে আসেন দীপক । বজরং দলের সদস্যরা তার ধর্ম পরিচয় ও নাম জানতে চাইলে তিনি দৃপ্ত কণ্ঠে উত্তর দেন, “আমার নাম মোহাম্মদ দীপক।” আর এর পর থেকেই কংগ্রেস ও বামপন্থীদের নয়নের মণি হয়ে যান তিনি । ঘটনার পর দীপকের বিরুদ্ধে দাঙ্গা ও প্ররোচনার অভিযোগ এনে মামলা বা এফআইআর দায়ের করা হয় এবং উত্তরাখণ্ড হাইকোর্ট তাঁকে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তাকে গ্রেপ্তারও করা হয় ।
এদিকে সমগ্র ঘটনার জেরে হিন্দুরা তার জিম বয়কট করলে কংগ্রেস নেতা রাহুল গাঁধি ও সিপিআই(এম) নেতা জন ব্রিটাসের মতো রাজনীতিবিদসহ সুপ্রিম কোর্টের বামপন্থী ও কংগ্রেসি আইনজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়া মহম্মদ দীপকের সমর্থনে এগিয়ে আসেন । এমনকি ওই আইনজীবীরা মহম্মদ দীপকের হয়ে সুপ্রিম কোর্টে বিনা খরচে মামলাও লড়েন ।।

