এইদিন ওয়েবডেস্ক,কেরালা,৩০ সেপ্টেম্বর : স্বাধীনভাবে জীবনযাপনে বাধা হওয়ায় নিজের দুই শিশুসন্তানকে খুন করলেন কেরালার এক নারী । কেরালার পালাক্কাড়ের মেননপাড়ার ঘটনা । সম্প্রতি খুন হয় দুই শিশু৷ পুলিশ জানিয়েছে, শিশুহত্যার ঘটনায় তাদের মা-ই একমাত্র অভিযুক্ত।অভিযুক্ত মা নিবেদিতা জবানবন্দি দিয়েছেন যে, সন্তানদের কারণে তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেন না। নিবেদিতা পুলিশকে জানান যে, তিনি শুধু পড়াশোনা করে মডেলিং করতে চেয়েছিলেন এবং তার স্বামী ছিলেন একজন মদ্যপ। তিনি ভেবেছিলেন যে, সন্তানরা তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াবে, তাই তিনি বাথরুমের জলের ট্যাঙ্কে তাদের ডুবিয়ে হত্যা করেন। পুলিশ এও নিশ্চিত করেছে যে, অভিযুক্তার কোনো মানসিক সমস্যা নেই।
মেননপাড়ায় বাথরুমের জলের ট্যাঙ্ক থেকে পাঁচ ও তিন বছর বয়সী দুই ভাইবোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । মৃতরা হলো পালানিয়ারপালায়াম কাল্লায়ারপালায়াম মানালকাট্টুর বাসিন্দা জন কুমার ও নিবেদিতার সন্তান জেনিফার জুলিয়েট (৫) এবং রবিন ক্রিস্টোফার (৩)। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ১০টায় ঘটে।
তবে, শিশুদের বাবার বোন বেঞ্জি এবং আত্মীয়রা সন্দেহ প্রকাশ করেছিলেন যে, যে শিশুরা নিয়মিত ওই এলাকায় খেলা করত, তারা বাথরুমের ছোট জলের ট্যাঙ্কে দুর্ঘটনাক্রমে পড়ে মারা যাবে, এমন কোনো সম্ভাবনা নেই। বেঞ্জির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত জোরদার করে জানায় যে, দুটি শিশুর একসঙ্গে দুর্ঘটনায় পড়ার কোনো সম্ভাবনা নেই এবং ঘটনার সময় নিবেদিতার আচরণে কিছু রহস্যজনক ব্যাপার ছিল। পরবর্তী জিজ্ঞাসাবাদে মা নিবেদিতা অপরাধ স্বীকার করেন। পুলিশ এই ঘটনায় নিবেদিতাকে গ্রেপ্তার করেছে।
দুই মাস আগে, কাঠুরে জন কুমার ও তার পরিবার মেননপাড়ায় একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন। ঘটনার সময় জন কুমার কাজে গিয়েছিলেন। বাড়িতে শুধু নিবেদিতা ও শিশুরা ছিল।।

