প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ সেপ্টেম্বর : পাঁচ শতাধিক বছরের পুরানো মন্দিরের প্রণামী বাক্সে জমেছিল ভক্তদের দেওয়া লক্ষ-লক্ষ টাকা।তা দেখার পর মন্দিরে থাকা দেবতাকে সেবার ব্রত
জলাঞ্জলি দিয়ে খোদ সেবাইত বনে যান চোরেদের সর্দার । কয়েকজন সঙ্গে নিয়ে চোরের দল গড়ে তিনি মন্দির থেকে লক্ষ-লক্ষ টাকা চুরি করে নিয়ে গা ঢাকা দিয়ে দিয়েছেন।অনেকেরই মনে হতে পারে এটা নিছক কোনও গল্প কথা। কিন্তু না!বাস্তফেই এমন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলি-১ ব্লকের উঁচু চাপাহাটির একটি মন্দিরে।তবে অবশ্য চোরেরা পার পায়নি। নাদনঘাট থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চার জনকে গ্রেপ্তার করে চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে।সেবাইত থেকে চোরেদের পাণ্ডা বনে যাওয়া সেবাইত শান্তি প্রভু এখনো পলাতক রয়েছে । পুলিশ হন্যে হয়ে তার খোঁজ চালাচ্ছে।
পুলিশ ও ভক্তদের কথায় জানা গিয়েছে,আর্থিক দুর্নীতির অভিযোগে চলতি মাসের প্রথম দিকে নাদনঘাটের উঁচু চাপাহাটির মন্দিরের পুরোনো সেবাইতকে সরিয়ে দিয়ে শান্তি প্রভু নামে নতুন এক সেবাইতকে আনেন গ্রামবাসীরা।পরের দিন নতুন সেবাইত ট্রাঙ্ক ভর্তি টাকা সকলের সামনে এনে জানান,’তালা লাগানো দুটি ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে।’সেটা টাকা গোনা শেষ হবার পর সবাই জানতে পারেন ওই ট্রাঙ্কে ১৪ লক্ষ ২৩ হাজার টাকা ছিল।এতে নতুন সেবাইতের সম্পর্কে ভক্তদের সকলের স্বচ্ছ ধারণা জন্মায়।
কিন্তু ভক্তদের এই ধারণা দীর্ঘস্থায়ী হয়নি। ওই দিন সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে ওঠে এলাকাবাসী ও ভক্তদের। ওই ভিডিও-য় দেখা যায়,এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে শান্তি প্রভুর নেতৃত্বে মন্দিরের একটি ঘর ভাঙা হচ্ছে। ওই ভিডিও দেখে সবার নতুন সেবাইত শান্তি প্রভুর প্রতি সন্দেহ জাগে। গ্রামবাসীরা শন্তি প্রভুকে আর সেবাইত রাখতে চান না। তাঁরা ধরেই নেন যে টাকা গোনা হয়েছে তার বাইরেও আরো অনেক লক্ষ প্রণামির টাকা ছিল । যা ওই রাতেই সরিয়ে ফেলা হয়েছে।
এরপরেই নাদনঘাট থানার দ্বারস্থ হয়ে ভক্ত ও গ্রামের বাসিন্দারা গোটা ঘটনা পুলিশকে জানান। প্রণামী চুরির অভিযোগে নাদনঘাট থানায় ৩ টি অভিযোগও জমা পড়ে। পুলিশ সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ শান্তি প্রভুর চার সহযোগী তপন ভৌমিক, সুশান্ত ভৌমিক, সবুজ শীল ও শ্রীকৃষ্ণ বারুই-কে গ্রেপ্তার করে।এদের মধ্যে তপন ভৌমিকের বাড়ির উঠোনে মাটির তলা থেকে প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে । এছাড়াও সুশান্ত ভৌমিকের বাড়ির কলা গাছের ঝোপঝাড় থেকে ৬৮ হাজার ৯০০ টাকা, শ্রীকৃষ্ণ বারুইয়ের কাছ থেকে ২৪ হাজার টাকা উদ্ধার হওয়ার কথা পুলিশ কর্তাদের কথায় জানা গিয়েছে। পুলিশ চার ধৃতকে শুক্রবার পেশ করে কালনা মহকুমা আদালতে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জেনেছে মন্দির থেকে টাকা চুরির কাজে শান্তি প্রভুকে সহযোগীতা করার জন্য ওই টাকা তাদের শান্তি প্রভু দিয়েছিল। শান্তি প্রভু ফোনের সুইচ অফ করে গা ঢাকা দিয়েছেন। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। শান্তি প্রভু গ্রেপ্তার হলেই তাঁর আসল স্বরুপ প্রকাশ্যে আসবে বলে উঁচু চাপহাটি এলাকার বাসিন্দারা মনে করছেন।।

