প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ সেপ্টেম্বর : নির্বাচন কমিশনারকে নিয়ে এখন দেশজুড়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। তারই মধ্যে তোলপাড় ফেললো এসআইআরে (SIR) নাম বাদ যাওয়ার পর থেকে আতঙ্কে থাকা বাংলার এই যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনা। মৃত ওই যুবকের নাম হাসানউদ্দিন মোল্লা(৪০)। পূর্ব বর্ধমানের কালনার খড়িনান এলাকায় তাঁর বাড়ি। বুধবার গভীর রাতে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ ঝুলতে দেখেন পরিবারের লোকজন।তাঁরা যুবকে উদ্ধার করে হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন যুবকের আত্মীয়-পরিজন ও বিরোধীর রাজনৈতিক দলের নেতৃত্ব।
পরিবার সদস্যরা জানিয়েছেন,নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় ২০২৬ বিধানসভা ভোটার আগে
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চালু হয়। সেই এসআইআর প্রক্রিয়ায় শেষে যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় তাতে যুবক হাসানউদ্দিন বাদে তাঁর পরিবারের সকলেরই নাম থাকে। তা জানার পর থেকেই দেশ ছাড়া হতে হওয়ার ভয় ও আতঙ্ক গ্রাস করে যুবক হাসানউদ্দিনকে। ভোটার তালিকায় তাঁর নাম যাতে ওঠে তার জন্য সে ট্রাইবুনালে আবেদন করে। কিন্তু আজঅব্দি তাঁর নাম ভোটারর তালিকায় ওঠেনি। তার কারণে দেশ ছাড়া হতে হওয়ার আতঙ্ক আরো তীব্র হয় হাসানউদ্দিনের মনে। তার পরিণামেই শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথই বেছে নিলেন বলে পরিবার সদস্যরা দাবি করেছেন।
মৃত যুবকের প্রতিবেশী আতাবুল শেখ বলেন,ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই হাসানউদ্দিন চরম আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে এই আতঙ্কে সে আতঙ্কিত হয়ে পড়েন।সব সময় সে উদ্বেক উৎকণ্ঠায় দিন কাটাতো। তারই মধ্যে কয়েকবার সে আত্মহত্যা করারও চেষ্টা করে। তার এমন মানসিক আবস্থা দেখে পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান ।
হাসানউদ্দিনের মনে বাসা বাঁধা ভয় – আতঙ্ক কাটাতে পরিবারের লোকজন তাকে বর্ধমানে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।এত কিছুর পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়ার জন্য তৈরি হওয়া আতঙ্কে ছেলেটা শেষ অব্দি তাঁর জীবনটাই শেষ করে দিল ।
এসআইআরে নাম বাদ যাওয়ার এতদিন পর হঠাৎ যুবক হাসানউদ্দিন কেন আত্মঘাতী হলেন? এই প্রশ্নের উত্তরে পরিবার-পরিজন ও প্রতিবেশীররা জানান,বর্ধমানে মানসিক চিকিৎসকের কাছে
চিকিৎসা করিয়ে হাসানউদ্দিনের মন থেকে আতঙ্কভাব একটু কেটেছিল। কিন্তু গত কয়েকদিন আগে বিডিও অফিস থেকে হাসানউদ্দিনের কাছে ফোন আসে । তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি কী পরিযায়ী শ্রমিক ? সেই সংক্রান্ত কোনও কার্ড তাঁর কাছে আছে কিনা এবং ভোটার তালিকায় তাঁর নাম আছে কিনা, তাও তাঁর কাছে জানতে চাওয়া হয়। পরিবার পরিজনদের দাবি, এই ফোন আসার পর থেকেই হাসানউদ্দিন ফের ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ ও ব্লক প্রশাসন যুবকের এই মৃত্যুর ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই মৃত্যুর ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা দেবু টুডু বলেন,জ্ঞানেশ কুমারের পরিকল্পিত এসআইআর ইতমধ্যেই বাংলার বহু মানুষের প্রাণ কেড়েছে।এবার কালনার যুবক হাসানউদ্দিন মোল্লার প্রাণও কাড়লো সেই এসআইআর।
যদিও তৃণমূল নেতার এই দাবি নস্যাৎ করে দিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র।তিনি বলেন,’বাংলায় এসআইআর লাগু হওয়ার পর থেকে যত মানুষের মৃত্যু হয়েছে সব মৃত্যুকেই এসআইআরের কারণে মৃত্যু বলে তৃণমূলের নেতারা দাবি করে গেছেন।বিধানসভা ভোটে গোহারা হারার পর এখন ওরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে পড়েছে।তবে এইসব করে ওদের লাভ কিছু হবে না।’ কালনার যুবকের মৃত্যুর প্রকৃত কারণ কি, তা পুলিশ ও প্রশাসনের তদন্ত নিশ্চই উঠে আসবে বলে মত্যূঞ্জয় বাবু দাবি করেছেন।।

