প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ বর্ধমান : রাঢ় বঙ্গের আদি অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ায় রয়েছে দেবীর সুপ্রাচীন মন্দির। এতকাল দেশের একাধীক স্বরাষ্ট্র মন্ত্রী,অনেক রাজ্যপাল ও নেতা-মন্ত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিতে এলেও পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী পুজো দিতে আসেননি।এবার সেই অধ্যায়ের ইতি ঘটতে চলেছে।দেবী সর্বমঙ্গলা মায়ের আশীর্বাদ কামনায় আজ মন্দিরে পৌছে পুজো দেবেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
তাঁর পুজো দেওয়ার কর্মসূচি ঘিরে এখন মন্দির চত্ত্বরে সাজসাজ রব। বর্ধমান পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভা শেষ করে মুখ্যমন্ত্রীর সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে।
মন্দির কর্তৃপক্ষের কথার জানা গিয়েছে,পুজো দেওয়া শেষে মুখ্যমন্ত্রী জন্য ভোগের ব্যবস্থা রাখা হচ্ছে। সেই ভোগে থাকছে মায়ের নিয়মিত ভোগের বিভিন্ন পদ।মন্দিরের প্রধান পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য জানান, ভোগে থাকছে খাসচালের সাদাভাত,বাসন্তী পোলাও, সুক্ত, ছানার ডালনা, মায়ের বিশেষ মাছভোগ অর্থাৎ মাছের টক, চাটনি, পায়েস,সাদা রসগোল্লা এবং নিয়মিত পাঁচ রকম ভাজা। এর সঙ্গে থাকবে বর্ধমানের ঐতিহ্যবাহী মিহিদানা ও সীতাভোগ।
মন্দিরের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সঞ্জয় ঘোষ জানান,শুক্রবার সাধারণের ভোগ বন্ধ রাখা হবে। এমনকি ওই দিন সকাল ১১টা থেকে মন্দিরের সাধারণ ভক্ত বা দর্শনার্থীদের প্রবেশও বন্ধ থাকবে ।জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মন্দির চত্ত্বর পরিস্কার পরিছন্ন করার পাশাপাশি রিপেয়ার কাজ করা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে। বৃষ্টির মধ্যেই ডেকোরেশনের কাজ চলছে। মন্দিরের গর্ভগৃহের তিনটি গেটেই ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের দুটি চাতালেও নতুন করে কিছু লাইট ও ফ্যান লাগানো হয়েছে।
এই সর্বমঙ্গলা মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়,এর সঙ্গে বর্ধমানের ইতিহাস ও ঐতিহ্যও গভীরভাবে যুক্ত রয়েছে । মহারাজা কীর্তিচন্দ্র ১৭০২ সালে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটিকে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হিসেবে উল্লেখ করা হয়। নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মূর্তিও প্রায় এক হাজার বছরের পুরনো বলে জানা যায়। মন্দিরের ঠিক সামনে রয়েছে উড়িষ্যা স্থাপত্যরীতিতে নির্মিত পাঁচ চূড়া বিশিষ্ট মিত্রেশ্বর শিবমন্দির। পরবর্তী সময়ে উনিশ শতকের দ্বিতীয় দশকে মহারাজা তেজচন্দ্র আরও দুটি শিবমন্দির নির্মাণ করেন। ওই মন্দিরগুলির শিবলিঙ্গ সাদা মার্বেলের তৈরি।শারদ উৎসবের সঙ্গেও পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের বিশেষ যোগ রয়েছে। এই মন্দিরের দেবীর পূজার ঘটস্থাপনের মাধ্যমেই রাঢ়বঙ্গে দুর্গাপুজোর সূচনা হয়।।

