এইদিন স্পোর্টস নিউজ,২৩ সেপ্টেম্বর : জাতীয় ক্রিকেট দলে সুযোগ না পাওয়া ফাস্ট বোলার মহম্মদ শামি রাজনীতিতে প্রবেশ করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। দু’দিন আগে দিল্লিতে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) নেতা জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেন শামী। চৌধুরী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি জানিয়েছেন। পোস্টটি নানা আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিকেটে মহম্মদ শামি তেমন সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে, আগামী বছরের শুরুতে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর তাই জয়ন্ত চৌধুরী ও মহম্মদ শামির সাক্ষাৎটি কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। রাষ্ট্রীয় লোক দল এনডিএ জোটের একটি অংশ এবং এর নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ মহলে থাকেন বলে জানা যায়।
এটা প্রায় নিশ্চিত যে ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি-আরএলডি জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। মহম্মদ শামী উত্তর প্রদেশেরই বাসিন্দা। তাই, যে জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, সেখান থেকেই তিনি আরএলডি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এই সফর নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জল্পনা রয়েছে যে, শামী আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শামী আমরোহা জেলার বাসিন্দা, এবং রাজনৈতিক মহলে তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
আমরোহা বিধানসভা কেন্দ্রটি সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি এবং দলটির প্রার্থী মেহবুবা আলী ২০০২ সাল থেকে এখান থেকে টানা পাঁচবার জয়ী হয়েছেন। বলা হচ্ছে যে, বিপুল মুসলিম ভোটব্যাঙ্ক থাকা এই কেন্দ্রে এবার বিজেপি-আরএলডি প্রার্থী হিসেবে মহম্মদ শামীকে নির্বাচিত করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।।

