এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ সেপ্টেম্বর : রাজ্যে শিল্পোদ্যোগ আনতে সংক্ষিপ্ত সফরে বাণিজ্যনগরী মুম্বইয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পূর্বনির্ধারিত এই সফরে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে বৈঠক করেন তিনি । উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিও । বৈঠকের আগে মুকেশ আম্বানিকে কালীঘাটের দেবী কালীর প্রতিমা উপহার দিলেন মুখ্যমন্ত্রী । মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকে মূলত রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান বাণিজ্যিক পরিধি বাংলায় আরও প্রসারিত করা এবং নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলিতে লগ্নির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে ।
গত মে মাসে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সার্বিক অর্থনীতিকে চাঙ্গা করতে উঠেপড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর পর থেকে যে শিল্পখরার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি । ইতিমধ্যেই অনেক বন্ধ চটকল খোলার পাশাপাশি বেশ কিছু বিনিয়োগও এসেছে এরাজ্যে । রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ আনতে যেমন গুন্ডাদমনের মত আইন আনা হয়েছে, পাশাপাশি বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার । পাশাপাশি শিল্পপতিদের সঙ্গে লাগাতার বৈঠক করছেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । গত শনিবারই বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক সেরেছেন শমীক ভট্টাচার্য। সেই ধারাবাহিকতা বজায় রেখেই মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
এই বৈঠকের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে গুজরাতে রিলায়েন্সের তত্ত্বাবধানে গড়ে ওঠা বিশ্বমানের বন্যপ্রাণ সংরক্ষণ ও চিকিৎসা প্রকল্প ‘বনতারা’ (Reliance Vantara)। এই ‘বনতারা’ প্রকল্পটির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির উপর । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন । শিল্পমহল ও প্রশাসনিক মহলের গুঞ্জন, পূর্ব ভারতেও এই ‘বনতারা’-র একটি শাখা স্থাপন করতে পারে আম্বানি গোষ্ঠী। শুভেন্দু অধিকারীর ইচ্ছা যে, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স কিংবা রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের সুবিশাল অরণ্য অঞ্চল এই প্রকল্পের আওতায় আনা হোক । উল্লেখ্য, কিছুদিন আগেই পুরুলিয়া সফরে গিয়ে দক্ষিণবঙ্গের প্রথম বন্যপ্রাণ অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এই আম্বানি প্রকল্পের রাজ্যে আসার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে ।।

