রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : জীবনের পড়ন্ত বেলাতেও সঙ্গীত সাধনার স্বীকৃতি পেলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের মালডাঙ্গার খাঁপুর গ্রামের বাসিন্দা নন্দদুলাল চক্রবর্তী। জীবনের সত্তরটা বসন্ত অতিক্রম করা আজও সঙ্গীতই হল তাঁর বেঁচে থাকার প্রেরণা । রামায়ণ-মহাভারতের আখ্যান, পালা-কীর্তন থেকে শুরু করে গীতপাঠ—বিভিন্ন ধরনের পরিবেশনায় দীর্ঘদিন ধরে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। এবার গ্রামের সেই পরিচিত কণ্ঠ পৌঁছে গেল আকাশবাণী কলকাতার ‘গীতাঞ্জলি’ অনুষ্ঠানে। ইতিমধ্যেই তাঁর গান আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছে।
ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ নন্দদুলালবাবুর। বিশেষ করে ধর্মীয় গান তাঁকে বেশি আকর্ষণ করত । সেই কৈশোরে শুরু হয় তাঁর সঙ্গীত জীবন । খাঁপুর এবং আশপাশের বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠান ও পূজাপার্বণে গান পরিবেশন করে আসছেন তিনি। বিশেষ করে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনি গান ও সুরের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরেন তিনি । এভাবে গ্রামেগঞ্জে সনাতন সংস্কৃতির প্রচারও করেন নন্দদুলালবাবু। তাঁর পরিবেশনায় একদিকে যেমন রয়েছে আধ্যাত্মিকতার আবহ, অন্যদিকে তেমনই ধরা পড়ে গ্রামবাংলার লোকসংস্কৃতির ছাপ।
গানের চর্চার পাশাপাশি মন্ত্রপাঠেও আগ্রহ রয়েছে তাঁর। অবসর সময় মানেই হারমোনিয়াম নিয়ে অনুশীলন। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও গানের বইও তাঁর নিত্যসঙ্গী। বয়স বাড়লেও নিয়মিত চর্চায় কোনও ছেদ পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে গানের প্রতি তাঁর টান আরও গভীর হয়েছে।
স্থানীয় মানুষের কাছে নন্দদুলাল চক্রবর্তীর গান দীর্ঘদিনের পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর রামায়ণ ও মহাভারতের গান শুনতে শ্রোতাদের আগ্রহও থাকে। তাঁর কণ্ঠ, উচ্চারণ এবং পরিবেশনের নিজস্ব ধরন ইতিমধ্যেই এলাকায় প্রশংসা পেয়েছে। এবার সেই প্রতিভাই সুযোগ পেল বৃহত্তর শ্রোতামহলের কাছে পৌঁছনোর।
আকাশবাণী কলকাতার ‘গীতাঞ্জলি’-তে গান গাওয়ার সুযোগ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশি খাঁপুর গ্রামের মানুষ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যেও তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। এতদিন স্থানীয় অনুষ্ঠানেই যে কণ্ঠে শোনা যেত রামায়ণ-মহাভারতের গান, সেই কণ্ঠ এবার আকাশবাণীর মাধ্যমে পৌঁছে গেল আরও অনেক শ্রোতার কাছে।
গ্রামবাংলার বহু শিল্পী এখনও কোনও প্রচারের প্রত্যাশা ছাড়াই নিজেদের শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। নন্দদুলাল চক্রবর্তীর দীর্ঘদিনের সাধনাও তারই একটি উদাহরণ। ৭২ বছর বয়সে আকাশবাণীর মতো প্রতিষ্ঠিত মাধ্যমে গান পরিবেশনের সুযোগ তাঁর শিল্পীজীবনে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য অধ্যায়। গানের প্রতি ভালোবাসা ও দীর্ঘদিনের অনুশীলন যে বয়সের সীমা মানে না, নন্দদুলালের এই যাত্রাপথ যেন তারই প্রমাণ।।

