শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : একটি লরির বেপরোয়া গতির বলি হল ২ বছরের শিশু । শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর রোডে সাতগেছিয়া কানেলপাড় সংলগ্ন এলাকায় । মৃত শিশুর নাম সুরজিৎ রায়(২) । পুলিশ ঘাতক লরিসহ চালককে আটক করেছে । পূজোর মরশুমে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
সাতগেছিয়া কানেলপাড় এলাকার বাসিন্দা সহদেব রায়ের একমাত্র সন্তান সুরজিৎ । মেমারি-মন্তেশ্বর সড়ক পথের ঠিক পাশেই তাদের বসবাস । জানা গেছে,শুক্রবার রাত্রি প্রায় ন’টা নাগাদ শিশুটি বাড়িতে খেলতে খেলতে বাইরে সড়কপথের পাশে চলে আসে । সেই সময় মেমারি থেকে মন্তেশ্বরের মুখে যাচ্ছিল লরিটি । এরপর লরিটি বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যায় ।
খবর পেয়েই দ্রুত মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পাশাপাশি পুলিশের অপর দুটি দল লরিটির পিছু ধাওয়া করে । শেষ পর্যন্ত বেশ কিছুটা দূরে লরি সহ চালককে আটক করে পুলিশ। এদিকে শিশুটিকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরবর্তীতে পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে যায়। আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।।

