শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৫ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে টোটোর পিছনে বাইকের ধাক্কায় বাইক ও টোটো আরোহীসহ আহত ৬ হয়েছেন । আজ মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের কাছে । আহতদের উদ্ধার করে মন্তেশ্বরের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । টোটোর যাত্রী এক মহিলা ও তার শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,মন্তেশ্বরের পিপলন অঞ্চলে করন্দা গ্রামে মনসার পুজো আছে । পূজোয় মাইক বাজানোর অনুমতির জন্য বাইকে চড়ে থানায় গিয়েছিলেন হাবলা সরেন,স্টিফেন সরেন ও সুফল হাঁসদা নামে তিন যুবক । থানার কাজ সেরে বাইকে তারা কুসুমগ্রাম-মালডাঙ্গা সড়কপথ ধরে বাড়ি ফিরছিলেন । সেই সময় একই মুখে যচ্ছিল একটা যাত্রীবাহী টোটো। ডাকবাংলা পেট্রোল পাম্পের কাছে আসতেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পিছনে সজোরে ধাক্কা দেয় । টোটো ও বাইক রাস্তায় ছিটকে পড়ে । বাইকের ৩ আরোহী,টোটো চালক গণেশ ধাড়া, একই এলাকার বাসিন্দা টোটোর যাত্রী চুয়া সাঁতরা(১৮) ও তার শিশুকন্যা আহত হয়েছে । বাইকের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ।।

