এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ সেপ্টেম্বর : নাম না করে বামপন্থীদের “অসুর” বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি “দেশদ্রোহী” ও “টুকরে টুকরে গ্যাং” রূপী অসুরদের থেকে সাধারণ মানুষদের “সাবধান” থাকার জন্য তিনি আহ্বান জানান । আজ সোমবার গনেশ চতুর্থীর দিন ভারত সেবাশ্রম সংঘের শ্রীশ্রী গণেশ পুজোর শুভ সূচনা করার পর মুখ্যমন্ত্রী এই সতর্ক বার্তা দেন ।
শুভেন্দু অধিকারী বলেন,’অসুরদের থেকে সাবধানে থাকতে হবে । দেশ বিরোধী শক্তি, টুকরে টুকরে গ্যাং থেকে দূরে থাকতে হবে । আমাদের পশ্চিমবঙ্গ শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, আধ্যাত্বিক চেতনার জাগরনের রাজধানী, এটাকে ধরে রাখতে হবে । সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে । আমাদের টিকা, আমাদের শিখা,আমাদের ধুতি, আমাদের তুলসী,আমাদের বিবাহিত মহিলাদের শাখা- পলা-সিঁদুরের সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক সনাতনীর ।’
তিনি সিপিএমের নাম না করে তাদের নিশানা করে বলেন,’অনেকের খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে দেখছিলাম । মূলত কমিউনিস্ট ঘরানার যারা, যাদের পুজো বলতে খুব কষ্ট । খুব গালাগালি করছে আমাকে । বলছে : পুজো কেন লিখতে হবে ? আমি কমিউনিস্টদের বলবো নবান্নে বিশ্বকর্মা পুজোয় আমাদের সঙ্গে আপনারাও পুষ্পাঞ্জলী নিয়ে যান । একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই,খুব ভালো লাগবে । পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন ।’
মুখ্যমন্ত্রী বলেন,’খুব রাগ । বলছে গণপতি তো মহারাষ্ট্রের পুজো, মারাঠীদের পুজো । পশ্চিমবাংলায় এত হচ্ছে কেন ? কোজাগরী লক্ষ্মী পূজার মত বাড়িতে বাড়িতে হচ্ছে । আমি বললাম এটাই তো সনাতনীদের ঐক্য । মাঝখানে একটা প্রাচীর রেখেছিল । মারাঠীরা বাহারি! গুজরাটিরা বাহারি! বিহারীরা বাহারি ! হিন্দি কথা যারা, বলে বাংলা কথা যারা বলে…প্রাচীর তুলে রাখা হয়েছিল । সেই প্রাচীরটা আপনারা ভেঙে দিয়েছেন । আমরা সবাই সনাতনী, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই হিন্দুস্তানি ।’
উল্লেখ্য,সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে দূর্গা পূজা মন্ডপের আশেপাশে সিপিএমের বইয়ের ক্যাম্পে শারদ্যোৎসব লেখা হলে তুলে দেওয়া হবে । তিনি জানান দুর্গাপুজোই লিখতে হবে । আরে এতে তেলেবেগুনে জ্বলে গেছে সিপিএম ।।

