একদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ সেপ্টেম্বর : শনিবার রাতে মসজিদে নামাজ পাঠ করে যে যার বাড়ি ফিরে গিয়েছিল মুসল্লিরা । কিন্তু রবিবার ভোরে ফের নামাজ পাঠ করতে এসে তাদের কার্যত ভীমড়ি খাওয়ার অবস্থা । কারন,তারা এসে দেখে আস্ত মসজিদটাই গায়েব হয়ে গেছে । পার্শ্ববর্তী পদ্মানদী গ্রাস করে নিয়েছে মসজিদটি । বাংলাদেশের মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকার ঘটনা । এলাকায় অস্থায়ী বালুর বাঁধের ভেতরে পদ্মার পাড়ে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছিল ইমাম আবু হানিফা জামে মসজিদ নামে ওই মসজিদটি ।
উজান থেকে নেমে আসা জলের প্রবল স্রোতে মুন্সীগঞ্জের পদ্মা এখন উত্তাল। তীব্র স্রোতের আঘাতে নদীর বিস্তীর্ণ অংশজুড়ে দেখা দিয়েছে ভাঙন। একের পর এক নদীগর্ভে চলে যাচ্ছে জমিজমা,ঘরবাড়ি আর মুসলিমদের ধর্মস্থলগুলি । সদর উপজেলার দেওয়ানকান্দি, রাকিরকান্দি ও পূর্বরাখী এলাকায় পদ্মার পাড়জুড়ে চলছে তীব্র ভাঙন। ভাঙন ঠেকাতে ওই এলাকায় অস্থায়ীভাবে বালির বস্তা ফেলে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তবে গত কয়েক দিনের প্রবল স্রোতে ধসে পড়েছে সেই প্রতিরোধ ব্যবস্থার বড় অংশ।ভাঙন ঠেকাতে এখনো বালির বস্তা ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জল উন্নয়ন বোর্ড। কিন্তু নদীর স্রোত এতটাই তীব্র যে, প্রতিরোধব্যবস্থা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ।।

