এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১১ সেপ্টেম্বর : শিলিগুড়িতে নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবাসহ ধরা পড়ল ২ মহিলা ও ২ পুরুষ মাদক পাচারকারী। শিলিগুড়ি এসটিএফ এবং শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ আজ শুক্রবার দুপুরে ডাউন লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনে যৌথ অভিযান চালিয়ে তাদের বমাল ধরে ফেলে । ধৃতদের রোজিনা খাতুন, লাভলি বিবি, সইফুল হক এবং ইসমাইল আলি নামে চিহ্নিত করেছে রেল পুলিশ । ধৃতরা কোচবিহারের বাসীন্দা। দুই মহিলার দুটি লেডিস ব্যাগ এবং একজন পুরুষের একটি পিঠ ব্যাগের মধ্যে মোট দশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট হয় বলে জানা গেছে ।
রেল পুলিশ সূত্রে খবর,গোপন সূত্র থেকে রেল পুলিশের কাছে খবর আসসে মুম্বইগামী ডাউন লোকমান্য এক্সপ্রেস ট্রেনে মাদক পাচার করা হচ্ছে । খবর পেতেই শিলিগুড়ি এসটিএফ এবং শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ অভিযানে নামে । সাদা পোশাকের রেলপুলিশের ওই দলটি শিলিগুড়ির এনজেপি স্টেশনে ওৎ পেতে বসে থাকে । দুপুর নাগাদ ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই পুলিশের দলটি নির্দিষ্ট কামরায় উঠে পড়ে । এরপর তল্লাশি চালাতেই ধৃতদের ব্যাগ থেকে মোট দশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । উদ্ধার হওয়া ইয়াবা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল,তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে রেল পুলিশ ।।

