প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার সকালে বর্ধমান হাওড়া মেইন লাইনের শক্তিগড় রেল স্টেশনের কাছে দুষ্কৃতীদের পাথর হামলার শিকার হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই হামলায় ট্রেনের কোন যাত্রী আহত না হলেও ট্রেনের একটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা তদন্ত নেমেছে রেল পুলিশ । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে ।
রেল সূত্রে জানা গেছে, আপ (২২৩০১) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি এদিন সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ শক্তিগড় স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় একটি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় ট্রেনের একটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে রেলপুলিশ । শক্তিগড় স্টেশনের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাথর ছোড়ার ঘটনায় কোনও যাত্রী জখম খবর মেলেনি বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য,মমতা ব্যানার্জির শাসনকাল থেকেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস দুষ্কৃতীদের পাথর হামলার শিকার হচ্ছে । রাজ্যে পালাবলের পরেও ট্রেনে পাথর হামলার ঘটনার উপর বিরাম পড়েনি । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি কেউ সরকারি সম্পত্তির ক্ষতি করে তাহলে তাদের কাছ থেকে তিনগুণ ক্ষতিপূরণ উসুল করা হবে । মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার পরে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর হামলায় চিন্তা বাড়াচ্ছে ।।
