এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ আগস্ট : ফের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে । এবারে রাজধানী ঢাকার কলাবাগানে নিজ বাড়ি থেকে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সোমবার সকালে ঢাকার কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাড়িয় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র কুমার রায়কে দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায়, যিনি একটি স্কুলের শিক্ষিকা, কর্মস্থলে চলে যান। ওই সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরে মেয়েই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশের কাছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন। পুলিশ জানিয়েছে,মৃতদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সেখানে ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে।।
